১৫ মে পর্যন্ত বিহারে সম্পূর্ণ লকডাউন,ঘোষণা নীতীশ কুমারের

গোটা দেশে করোনার সংক্রমণ একটু স্বস্তি দিলেও বিহারে মাত্রা ছাড়িয়েছে করোনার দ্বিতীয় সংক্রমণ। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যাও বাড়ছে । এর মধ্যেই করোনার শৃঙ্খলা ভাঙতে লকডাউনের ঘোষণা করল বিহার সরকার। মঙ্গলবার টুইট করে এই সিদ্ধান্তের কথা জনিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আগামী ১৫ মে পর্যন্ত কার্যকর থাকবে বিহারে লকডাউন।
ট্যুইটে নীতীশ কুমার জানিয়েছেন, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে আগামী ১৫ মে পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর (Crisis management Group)-এর পক্ষ থেকে লকডাউনের বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
कल सहयोगी मंत्रीगण एवं पदाधिकारियों के साथ चर्चा के बाद बिहार में फिलहाल 15 मई, 2021 तक लाॅकडाउन लागू करने का निर्णय लिया गया। इसके विस्तृत मार्गनिर्देशिका एवं अन्य गतिविधियों के संबंध में आज ही आपदा प्रबंधन समूह (Crisis management Group) को कार्रवाई करने हेतू निदेश दिया गया है।
— Nitish Kumar (@NitishKumar) May 4, 2021
পাটনা হাইকোর্ট, সরকারকে লকডাউন ঘোষণার আদেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। পাটনা হাইকোর্ট জনিয়েছে যে, মারণ ভাইরাস করোনার শৃঙ্খল ভাঙতে দ্রুত লকডাউন করতে হবে অন্যথায় আদালত পদক্ষেপ নিতে বাধ্য হবে। মূলত, গত ২৪ ঘণ্টায় বিহারে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪০৭ জন। মৃত্যু হয়েছে ৮২ জনের। বিহারে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯ হাজার। মৃত্যু হয়েছে মোট ২৮০০ বেশি রোগীর।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। গত সপ্তাহে যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছিল সংক্রমণ, গত কয়েকদিনের সংখ্যা তার চেয়ে কিছুটা কম। তবে সোমবারের তুলনায় একদিনে মৃত্যুর সংখ্যা অল্প বেড়েছে। যা যথেষ্ট উদ্বেগের বিষয়।সোমবার যেখানে মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৪১৭ জন, সেখানে মঙ্গলবার ৩ হাজার ৪৪৯ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গিয়েছে।
সুত্র : কলকাতা ২৪x৭



