পৃথ্বী শ’র গাড়ি আটকে কড়া জেরা পুলিশের

পৃথ্বী শ’কে আটকাল পুলিশ। একে তো মুম্বইতে চলছে লকডাউন। তার উপর পৃথ্বী কোনও অনুমতি ছাড়াই বন্ধুদের নিয়ে গাড়িতে বেরিয়ে পড়েছিলেন। মুম্বই থেকে কোলাপুর হয়ে গোয়া যাচ্ছিলেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটারটি। মহারাষ্ট্রের অম্বোলির কাছে তাঁর গাড়ি আটকে অনুমতিপত্র দেখতে চায় পুলিশ।
সংক্রমণ হু হু করে বেড়ে যাওয়ায় মহারাষ্ট্রে লকডাউন জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে মুম্বই থেকে বন্ধুদের নিয়ে গোয়া যাচ্ছিলেন পৃথ্বী। বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ অম্বোলিতে পৃথ্বীর গাড়ি আটকায় পুলিশ। এরপর পৃথ্বী ও গাড়িতে থাকা বাকিদের স্বাস্থ্যপরীক্ষা করা হয়। অবশ্য অম্বোলি থেকেই ফোন মারফত অনুমতিপত্রের জন্য আবেদন করেন পৃথ্বী। এক ঘণ্টার মধ্যে অনুমতি পেয়েও যান। মোবাইলে সেই অনুমতিপত্র দেখিয়ে গোয়ার উদ্দেশে রওনা হয়ে যান পৃথ্বী।
কিছুদিন বাদেই ইংল্যান্ড উড়ে যাবে টিম ইন্ডিয়া। কিন্তু সেই দলে সুযোগ পাননি দেশের এই তরুণ ওপেনার। সংক্রমণের জেরে আইপিএলও বন্ধ। একই কারণে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরও বাতিল হওয়ার সম্ভাবনা। তাই সামনে কোনও খেলা না থাকায় বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন পৃথ্বী। আর এই লকডাউনের মধ্যে কোনও অনুমতি ছাড়াই তাঁর এই কাজ যথেষ্ট সমালোচিত হচ্ছে।
সূত্র :আজকাল



