
ঝাড়গ্রাম: ঈদের দিনেও অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতালে ছুটলেন শেখ নাসিরুদ্দিন, অমর পাল, গোপাল রাউতরা। ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার দহিজুড়ি এলাকার বাসিন্দা সমাজসেবী নাসিরুদ্দিন, ব্যবসায়ী অমর পাল, প্রাথমিক শিক্ষক গোপাল রাউতের মতো এলাকার বিভিন্ন পেশার মানুষজন গত বছর থেকে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ দল গঠন করে পরিষেবা দিয়ে চলেছেন।
এবার করোনার দ্বিতীয় তরঙ্গে যখন সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, তখন নিজেদের কথা না ভেবে নিরন্তর করোনা আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন তাঁরা। দহিজুড়ি এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু মানুষজনের বসবাস। নাসিরুদ্দিনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা পেশায় পঞ্চায়েত কর্মী কবীর মুন্সী, আনিসুর বক্স, ব্যবসায়ী ইমাম বক্সরাও করোনা যুদ্ধের সৈনিক হয়ে দিনরাত এক করে পরিষেবা দিচ্ছেন।
রমজান মাসে রোজা অর্থাৎ সারাদিন উপবাসে থেকেও করীর, আনিসুররা কখনও করোনা আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিয়েছেন, কখনও হোম আইসলেশনে থাকাদের কাছে পৌঁছে দিয়েছেন খাবার ও ওষুধ। এলাকার দুঃস্থদের ঝাড়গ্রাম হাসপাতালে করোনা পরীক্ষাও করানোর জন্য নিয়ে যাচ্ছেন তাঁরা।
শুধু তাই নয়, আক্রান্তদের বিনামূল্যে শরীরে অক্সিজেনের মাত্রা মাপার অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডারও সরবরাহ করছেন কবীররা। শুক্রবার ঈদের নামাজের পরে নাসিরুদ্দিনরা অমর বাবু, গোপালবাবুদের সঙ্গে পরিষেবা দানের কাজ করলেন। নাসিরুদ্দিনের কথায়, “মানুষকে বাঁচানোটাই এখন সবচেয়ে বড় মানবধর্ম।”



