
করোনার থাবায় আক্রান্ত জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার তথা বিজেপির আসানসোল দক্ষিণ কেন্দ্রের সদ্য নির্বাচিত বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। সেই সঙ্গে দলের সমর্থকদের উদ্যেশ্যে বলেন, শীঘ্রই সুস্থ হয়ে ফিরবেন আসানসোলে। আপাতত চিকিত্সকের পরামর্শ বাড়িতে হোম আইসলেশনেই আছেন তিনি। গত বছর সেপ্টেম্বরেও তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। নিজের অসুস্থতার খবর দেওয়ার পাশাপাশি আসানসোলবাসীকে সতর্ক থাকতে বলেন অগ্নিমিত্রা।
করোনায় আক্রান্ত হয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দেন। ভিডিও বার্তায় জানান সামান্য কিছু শারীরিক উপসর্গ রয়েছে, কিন্তু তিনি সুস্থ আছেন। চিকিত্সকের পরামর্শ মেনে চলছেন, কলকাতায় নিজের বাড়িতে হোম আইসলেশনে আছেন তিনি। ভিডিওতে দলীয় কর্মীদের উদ্যেশ্যে অগ্নিমিত্রা বলেন, লকডাউনের সময় ত্রাণের কাজে যেন সবাই ঝাঁপিয়ে পড়েন।
কোভিড রোগীদের অক্সিজেন কিংবা চিকিত্সা সংক্রান্ত সমস্যায় যেন দলীয় কর্মীরা তাঁর সঙ্গে অবশ্যই যোগাযোগ করেন। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতেও নিষেধ করেন আসানসোল দক্ষিণের বিধায়ক। সেই সঙ্গে আসানসোল দক্ষিণের সাধারণ মানুষকে সতর্ক করে ডবল মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলার কথাও বলেন।
অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ছিলেন। জনগণের ভোটে তিনি জয়ী হয়ে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি। ২০২১ বিধানসভা নির্বাচনের প্রচারের সময় লাগাতার ৪৫ দিন আসানসোলে ভোটের প্রচার পর্ব চালিয়েছিলেন অগ্নিমিত্রা। ২মে নির্বাচনের ফল ঘোষণার পর ভোট পরবর্তী হিংসার ঘটনায় বার বার তিনি আসানসোলে ছুটে গিয়েছিলেন। প্রাথমিক ধারণা, সেই সময়ই তাঁর শরীরে থাবা বসায় মারণ ভাইরাসটি। ১৩ থেকে ১৪ দিন পর তা ধরা পড়ল।
সূত্র :এই মুহুর্তে



