রাজ্য

রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির হুমকি রাজ্যপালের

রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির হুমকি রাজ্যপালের - West Bengal News 24

রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম এবং মদন মিত্রকে গ্রেফতারের প্রতিবাদে নিজাম প্যালেসে এক প্রকার যখন ধর্ণায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বাইরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে গেল। নিজাম প্যালেসের বাইরে থেকে পুরোদস্তুর ইট, বোতল বৃষ্টি চলছে। তা ঠেকাতে মোতায়েন রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। সার্বিক এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে সতর্ক করতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

টুইট করে তিনি বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলছি, সাংবিধানিক নিয়ম ও আইন মেনে চলুন। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও স্বরাষ্ট্র দফতরকেও বলছি আইনশৃঙ্খলা বজায় রাখুন’। রাজ্যপাল এও বলেছেন, ‘পুরোপুরি অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ ও প্রশাসন নীরব।

আশাকরি এভাবে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়া এবং অরাজক পরিস্থিতির পরিণাম কী হতে পারে তা আপনি বুঝতে পারছেন। প্রতি মিনিটে পরিস্থিতির অবনতি হচ্ছে। সিবিআই দফতরের দিকে ইট ছোড়া হচ্ছে। তা এখনই নিয়ন্ত্রণ করা উচিত।’

নারদ কাণ্ডে সোমবার যে মহা নাটকীয়ভাবে সরকারের দুই মন্ত্রী ও রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রীকে সিবিআইকে গ্রেফতার করেছে তা নিয়ে আলোচনায় পরতে পরতে উঠে আসছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম। কারণ, এই চার রাজনীতিকের বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছিলেন রাজ্যপালই। ফলে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে তৃণমূল।

এমনকি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, তাঁকে এড়িয়ে যে ভাবে রাজ্যপালের অনুমতি নিয়ে চার জনকে গ্রেফতার করা হল তা বেআইনি। গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীও। তিনি সিবিআইকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেছেন, তাঁকেও গ্রেফতার করতে হবে।

নইলে নিজাম প্যালেস ছেড়ে যাবেন না। স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন এমনই রাজনৈতিক কঠোর অবস্থান নিয়েছেন, তখন সিবিআই ও কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ক্ষোভের জ্বালামুখ খুলে গিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদেরও। তার প্রতিফলনই দেখা যাচ্ছে নিজাম প্যালেসের গেটের বাইরে। পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটাই দেখার।

সূত্র : দয় ওয়াল

আরও পড়ুন ::

Back to top button