
সংঘাত আরও বাড়ল। ফের রাজ্য পুলিশের ভূমিকায় যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। টুইট করে এদিন আবারও রাজ্যের আইনশৃঙ্খলার (law and order situation) পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন ধনকড়। ১৪৪ ধারা জারি সত্ত্বেও রাজভবনের মূল ফটকের সামনে জমায়েত নিয়ে টুইটে রাজ্যকে বিঁধেছেন জগদীপ ধনকড়। টুইটে নিজের বক্তব্য জানানোর পাশাপাশি ভিডিও পোস্ট করেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ট্যাগ করেছেন ধনকড়।
রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশের সপ্তাহখানেক পর থেকেই ফের পুরনো মেজাজে রাজ্যপাল জগদীপ ধনকড়। ক্রমাগত রাজ্য সরকারকে আক্রমণ করে চলেছেন তিনি। রাজনৈতিক হিংসা থেকে শুরু করে একাধিক ইস্যুতে রাজ্যকে বিঁধে টুইট করছেন রাজ্যপাল। এবার ফের রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন ধনকড়।
মঙ্গলবার রাজভবনের সামনে এক পাল ভেড়া নিয়ে এক ব্যক্তিকে অভিনব প্রতিবাদ দেখাতে দেখা গিয়েছে। পুলিশের সামনেই ওই ব্যক্তি ভেড়ার পাল নিয়ে রাজভবনের গেটের সামনে এসে ‘প্রতিবাদ’ দেখিয়েছেন। যা নিয়ে বেজায় চটেছেন ধনকড়। টুইট করে তিনি লিখেছেন, ”১৪৪ ধারা জারি রয়েছে। তাও রাজভবনের গেট দিয়ে যে খুশি ঢুকে পড়ছে। পুলিশের (Kolkata Police) ভূমিকা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।”
প্রসঙ্গত, মঙ্গলবার হঠাত্ই রাজভবনের সামনে এক ব্যক্তি এক পাল ভেড়া নিয়ে হাজির হন। রাজ্যপালের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতেই তাঁর এই অভিনব আচরণ। এদিন টুইটে সেই ভিডিওটি পোস্ট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
টুইটে ঘটনা প্রসঙ্গে রাজ্যপাল লিখেছেন, ”এক ব্যক্তি রাজভবনকে পিছনে রেখে ছবি তুলতে এলেন। কোনও ব্যবস্থা নিল না পুলিশ। কলকাতা পুলিশের ভূমিকা হাস্যকর পর্যায়ে নেমে এসেছে।” এরই পাশাপাশি এদিন আরও একটি ভিডিও টুইটে পোস্ট করেছেন ধনকড়।
সেই ভিডিওটিতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ”রাজ্যপালের অফিস ভাঙচুর হবে।” এদিন ভিডিওটি পোস্ট করে টুইটে রাজ্যপাল লিখেছেন, ”রাজভবনের বাইরে দাঁড়িয়ে এহেন হুমকি দেওয়া হচ্ছে। অথচ কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।” টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ট্যাগ করেছেন ধনকড়।
সূত্র : কলকাতা ২৪*৭



