
মদন, শোভন, সুব্রতর পর এবার জেলে অসুস্থ হয়ে পড়লেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মঙ্গলবার দুপুর থেকে তাঁর জ্বর এসেছে। তাঁকে প্যারাসিটামলও দেওয়া হয়েছে। এসএসকেএমে ভর্তি প্রসঙ্গ উঠলে তা বাতিল করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী। ফিরহাদ হাকিম চান তাঁর চিকিত্সা হোক জেল হাসপাতালেই। এদিকে নারদা মামলা নিয়ে উত্তাল রাজ্য। গত সোমবার সাত সকালে সিবিআই রাজ্যের চার হেভিওয়েট রাজনীতিককে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়।
করোনা পরিস্থিতিতে তৃণমূল বিধায়ক ও মন্ত্রীদের এহেন গ্রেপ্তারির নেপথ্যে রয়েছে কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসা। এমনই অভিযোগ উঠতে থাকে সব মহল থেকে। তবে সবার পক্ষ থেকেই রাজ্যবাসীকে ফাঁদে পা দিতে নিষেধ করা হয়।
অন্যদিকে সেদিন রাতেই অসুস্থ হয়ে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। সেই রাতে সুব্রত মুখোপাধ্যায়কেও এসএসকেএমে নিয়ে আসা হলেও ফের তাঁকে জেলে নিয়ে যাওয়া হয়। তবে মঙ্গলবার সকাল দশটা নাগাদ তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে নিয়ে আসা হয়। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ১০২ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি।
সুব্রতবাবুর বুকের এক্সরে হয়েছে। তাঁর নেবুলাইজেশন চলছে। মদন মিত্রের অক্সিজেন স্যাচুরেশন বার বার কমে যাওয়ায় বেশ কয়েকবার তাঁকে অক্সিজেন দেওয়া হয়েছে। পরে রাতের দিকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। তিনি রয়েছেন ১০৩ নম্বর কেবিনে। ১০৪ নম্বর কেবিনে ভর্তি আছেন শোভন চট্টোপাধ্যায়। তিনি হাই সুগারের রোগী।
এদিকে আজই হাইকোর্টে নারদা মামলার শুনানি। তার আগেভাগে চার নেতাই জামিনের ওপর স্থগিতাদেশের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন। তারও শুনানি হবে এদিনই। তবে নারদা মামলাকে অন্যা রাজ্যে স্থানান্তর করতে চায় সিবিআই। এই মর্মে হাইকোর্টে আবেদনও করে রেখেছে সিবিআই। এই মামলার শুনানি হবে আজই।
সূত্র : লেটেস্ট লি



