
ফের দুঃসংবাদ এল এভারেস্টের কোল থেকে। ক্রিভাসে পড়ে গিয়ে মারা গেলেন পেম্বা তাশি শেরপা। নেপালের জনপ্রিয় এই শেরপা পর্বতারোহী পাঁচ বার এভারেস্টে আরোহণ করেছেন। দেশ-বিদেশের আরোহীরা নেপালের কঠিন থেকে কঠিনতর শৃঙ্গগুলিতে আরোহণ করতে এলে পেম্বা তাশিকেই খুঁজতেন, নিরাপত্তা ও গাইডেন্সের জন্য। আজ সকালের দুঃসংবাদে নিভে গেল এ সমস্ত কিছু। আরোহণের ইতিহাসে শেষ হয়ে গেল মাত্র ২৭ বছর বয়সি পেম্বা তাশির অধ্যায়টি। জানা গেছে, আরোহণ শেষ করার পরে টিমের সঙ্গে নীচে নামছিলেন পেম্বা তাশি।
ক্যাম্প টু থেকে ক্যাম্প ওয়ানে নামার পথে একটি ক্রিভাস অর্থাত্ গর্তে পড়ে যান তিনি। সূত্রের খবর, সঙ্গে সঙ্গে উদ্ধারের চেষ্টা হলেও শেষ রক্ষা আর হয়নি। উদ্ধার করার পরে দেখা যায় প্রাণ নেই দেহে। বেসক্যাম্প সূত্রের খবর, ‘ক্লাইম্বিং দ্য সেভেন সামিটস’ সংস্থার তরফে আয়োজিত এভারেস্ট অভিযানের সদস্য ছিলেন পেম্বা তাশি। যত দ্রুত সম্ভব তাঁর দেহটি আকাশপথে উদ্ধার করে নীচে নামানোর চেষ্টা চলছে। পেম্বা তাশির তিন সন্তান রয়েছে বলে জানা গেছে। এই নিয়ে এই মরশুমে এভারেস্ট অভিযানে সফল হয়েছেন শতাধিক আরোহী। তবে মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে তিনে।
কয়েক দিন আগেই সুইত্জারল্যান্ডের আরোহী আবদুল ওয়ারাই এবং আমেরিকার আরোহী পুয়েই লিউ প্রাণ হারিয়েছেন এভারেস্টের কোলে। অন্যদিকে এদিন অত্যন্ত খারাপ আবহাওয়ার কবলে পড়ে এভারেস্ট বেসক্যাম্প। ছিঁড়েফেটে উড়ে যায় বহু তাঁবু। লন্ডভন্ড হয়ে যায় আরোহী-শেরপাদের থাকার জায়গা ও জিনিসপত্র। খারাপ আবহাওয়ার পূর্বাভাস ছিলই। জানা গেছিল, ভারতের পশ্চিম উপকূলের তাউটে ঝড় প্রভাব ফেলবে নেপালের এভারেস্ট বেসক্যাম্পেও। তবে প্রস্তুতি থাকলেও, এড়ানো গেল না ঝড়ের ঝাপট। আবার আগামী কাল থেকে আরোহীরা বেসক্যাম্প থেকে উপরে উঠতে শুরু করবেন শৃঙ্গ ছোঁয়ার উদ্দেশে।
সূত্র : দ্য ওয়াল



