বেঙ্গালুরুতে ২২ বছরের তরুণীকে নৃশংস যৌন নির্যাতন ও গণধর্ষণ, ইন্টারনেটে ভাইরাল ভিডিও, ধৃত ২ মহিলা-সহ ৬

২২ বছরের তরুণীর উপর নৃশংস যৌন নির্যাতন করে গণধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ধৃত ৬ জন! তাদের মধ্য়ে আছে দুই মহিলাও। বেঙ্গালুরুতে দিন ছয়েক আগে ঘটে যাওয়া এই ঘটনার কথা সামনে আসতেই শিউরে উঠেছে সকলে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে কোনও অভিযোগ দায়ের হয়নি এই নিয়ে। কিন্তু নেটমাধ্যমে ঝড় তোলা মর্মান্তিক ভিডিওটি পুলিশের হাতে এসে পৌঁছলে পদক্ষেপ করা হয়। আর তদন্তের জট খুলতে খুলতে সামনে আসে একের পর এক ভয়াবহ তথ্য। ঘটনায় সামনে এসেছে বাংলাদেশ-যোগও। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত যা জানা গেছে, অভিযুক্তরা বাংলাদেশের কোনও অপরাধমূলক দলের সদস্য।
টাকা-পয়সা নিয়ে সমস্যাকে কেন্দ্র করেই ওই তরুণীর উপর এমন নির্যাতন চালানো হয়েছে। নির্যাতিতাকে প্রেমের ফাঁদে ফেলে, পাচার করার জন্য বাংলাদেশ থেকে ভারতে আনা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। জানা গেছে, ওই ভিডিও ক্লিপ দেখার পরে অভিযুক্তদের খুঁজে বার করে গ্রেফতার করা হয়।
রিফাতুল ইসলাম হৃদয় নামে এক নির্যাতনকারীকে শনাক্ত করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের সময়ে যে তথ্য উঠে এসেছে তার ভিত্তিতে ধর্ষণ, শারীরিক নিগ্রহ-সহ বেশ কয়েকটি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বেঙ্গালুরু পুলিশ আরও জানিয়েছে, নির্যাতিতা এখন অন্য রাজ্যে রয়েছেন। পুলিশের একটি দল তাঁরও খোঁজ চালাচ্ছে বলেও জানানো হয়েছে। তাঁকে ফিরিয়ে এনে বয়ান নথিভুক্ত করা হবে এবং তদন্ত সেই পথেই এগোবে।
সূত্র : দ্য ওয়াল



