পারিবারিক অশান্তির জের! মাকে কুপিয়ে খুন করলো ছেলে

ছোট খাটো বিষয় নিয়ে পারিবারিক অশান্তি। এই অশান্তি থেকেই রাগের মাথায় মাকে কুপিয়ে খুন করল ছেলে। পরিবারের সদস্যরাই পুলিশে খবর দেন। সেই সঙ্গে অভিযুক্তকে আটক করে রাখে। পুলিশ গিয়ে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করলে অভিযুক্তকেও পুলিশের হাতে তুলে দেন আত্মীয়রা। চাঞ্চল্যকর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুরে।
উত্তর দিনাজপুরের চোপড়া থানার বিলাতীবাড়ি গ্রামের ঘটনা। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতা মহিলার নাম মলিশা সরকার। বৃদ্ধাকে খুনের ঘটনায় অভিযুক্ত ছোট ছেলে নারায়ন সরকার। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে মায়ের সঙ্গে মনোমালিন্য হয় নারায়নের। সেখান থেকেই অশান্তির সূত্রপাত হয়।
অভিযোগ সেই সময়ই রাগের বশে ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে খুন করে সে। মৃতার বড় ছেলে চাঁদ সরকার পুলিশে খবর দেয়। চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
অন্যদিকে, ঘটনায় অভিযুক্ত নারায়নকে রাতেই তার আত্মীয় ও প্রতিবেশীরা আটক করে রাখে। এরপরই পুলিশ আসলে নারায়নকে তাঁদের হাতে তুলে দিয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে তাকেও ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিত্সা করার জন্য। প্রতিবশীদের থেকে জানা গিয়েছে, অভিযুক্ত নারায়ন বরাবরই বদরাগী।
আগেও ছোটোখাটো বিভিন্ন বিষয়ে নারায়ন তার মা ও পরিবারের অন্য সদস্যদের আক্রমন করেছে। তবে এদিনের ঘটনা সমস্ত সীমা অতিক্রম করে যায়। নারায়নের দাদা ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চোপড়া থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছে। খুনের আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
সূত্র : এই মুহুর্তে



