
রাজস্থানের ভারতপুরে গাড়ি থামিয়ে এক চিকিৎসক দম্পতিকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৮ মে) শহরের একটি ব্যস্ত সড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাইকে করে আসা দুই ব্যক্তি ওই চিকিৎসক দম্পতির গাড়ি থামায়। তারপর তাদের ওপর গুলি চালায়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমে বাইকের দুই আরোহী ওই চিকিৎসক দম্পতির গাড়িকে ওভারটেক করে সামনে চলে যায়।
এরপর তারা গাড়ির সামনেই বাইক থামিয়ে দেয়। সে সময় গাড়িতে থাকা ব্যক্তি জানালার কাচ নামিয়ে কথা বলতে গেলেই তাদের ওপর এলোপাতাড়ি একের পর এক গুলি চালানো হয়। তাদের হত্যার পরেই বাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।
পুলিশের ধারণা, পূর্বের কোনো শত্রুতা বা প্রতিশোধ পরায়ণ মনোভাব থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা হয়তো ঘটেছে। একজন হামলাকারীকে শনাক্ত করা গেছে।
প্রাথমিক তদন্তে হামলাকারীর বোনের হত্যাকাণ্ডে চিকিৎসক দম্পতির ইন্ধন থাকায় তারই প্রতিশোধ নিতেই এমনটা ঘটেছে বলে মনে করছে পুলিশ।



