কোভিডে অনাথ শিশুদের পাশে থাকবে কেন্দ্র, স্টাইপেন্ড, ১০ লক্ষ টাকা পাবে ২৩ বছরে, ঘোষণা প্রধানমন্ত্রীর

কোভিডে মা-বাবা হারানো অনাথ শিশুদের সাহায্যের জন্য শুক্রবার কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে এই মর্মে সিদ্ধান্ত ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নেতৃত্বে শনিবার এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। তার পর প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়েছে, কোভিডের কারণে অনাথ হয়ে যাওয়া শিশুদের পাশে থাকবে কেন্দ্রীয় সরকার। তাঁদের বিনামূল্যে শিক্ষার বন্দোবস্ত করা হবে।
১৮ বছর বয়স পর্যন্ত বছরে ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা পাবে। ১৮ বছর বয়স হয়ে গেলে উচ্চ শিক্ষার জন্য বিনা সুদে শিক্ষা ঋণ পাবে। সেই সঙ্গে ১৮ বছরের পর স্টাইপেন্ড পাবে তারা। আর ২৩ বছর বয়স হয়ে গেলে এককালীন ১০ লক্ষ টাকা দেবে কেন্দ্রীয় সরকার।
এই টাকার সংস্থান পিএম কেয়ার্স তহবিল থেকে করা হবে। প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে বলা হয়েছে, কোনও শিশু একেবারে অনাথ হলে তাঁকে কেন্দ্রীয় সরকারের অধীনে নবোদয় বিদ্যালয় বা সৈনিক স্কুলের মতো আবাসিক স্কুলে ভর্তি করা হবে।
আর তার যদি কোনও পরিবার থাকে অর্থাত্ বাবা-মায়ের মৃত্যুর পর কোনও নিকট আত্মীয়ের কাছে থাকে, তা হলে নিকটতম কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি হতে পারবে। কাছে পিঠে কোনও কেন্দ্রীয় বিদ্যালয় না থাকলে বেসরকারি স্কুলেও ভর্তি হতে পারবে। সে ক্ষেত্রে শিক্ষার অধিকার আইন মোতাবেক ফিজ দেবে সরকার।
১৮ বছর বয়সের পর স্টাইপেন্ড দেওয়ার কারণও ব্যাখ্যা করা হয়েছে। যাতে ওই শিশু আরও পড়াশুনা করতে পারে এবং স্কিল ডেভেলপ করতে পারে। তার পর ২৩ বছর বয়স হলে ব্যক্তিগত বা পেশাগত প্রয়োজনে ১০ লক্ষ টাকা এককালীন দেওয়া হবে।
সূত্র: দ্য ওয়াল



