টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত হলেও হচ্ছে না মৃত্যু, দাবি এইমসের

টিকা নিতে অনেকেই ভয় পাচ্ছেন। এই পরিস্থিতিতে আশার কথা শোনাল দিল্লি এইমস। টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হলেও মৃত্যুহার শূন্য। এপ্রিল-মে’র পরিসংখ্যান সে কথাই বলছে।
দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর প্রথম এই সমীক্ষা করা হয়েছে। আর তাতেই উঠে এসেছে এই তথ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, কোভিড টিকার দুটি ডোজ নেওয়ার পর অসুস্থ বা হাসপাতালে ভর্তি কিংবা মৃতের সংখ্যা বড্ড কম।
টিকা নেওয়ার পরও কেউ ফের সংক্রমিত হলে তাকে ‘ব্রেকথ্রু সংক্রমণ’ বলেন বিশেষজ্ঞরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিডিসির দাবির ভিত্তিতেই গবেষণা চালিয়ে এইমস জানাচ্ছে, এপ্রিল থেকে মে, অতিমারির দ্বিতীয় ঢেউয়ের সময়কালে টিকা নেওয়া অনেক ব্যক্তিই কোভিডে আক্রান্ত হয়েছেন এবং তাঁদের শরীরে ভাইরাল লোডের পরিমাণও অনেক বেশি ছিল। কিন্তু তাঁদের কারও মৃত্যু হয়নি।
রিপোর্টে এইমস জানিয়েছে, টিকা নেওয়ার পর কোভিডে আক্রান্ত হয়েছেন এমন ৬৩ জন ব্যক্তিকে বেছে নেওয়া হয়েছিল। তাঁদের নিয়ে গবেষণা চালানোর সময়ে কার শরীরে কোন প্রজাতি বাসা বেঁধেছে, সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছিল। তাঁদের মধ্যে ৩৬ জন দু’টি টিকাই পেয়েছেন এবং ২৭ জন প্রথম টিকা পেয়েছেন। দেখা গিয়েছে, তাঁদের শরীরে ৫-৭ দিন টানা জ্বর থাকলেও অবস্থা স্থিতিশীলই ছিল। তাঁরা পুনরায় আক্রান্ত হওয়ার পর শরীরে ফের অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং তার সঙ্গে টিকা মিশে একটা যৌথ প্রতিরোধ গড়ে উঠছে শরীরে।
করোনা টিকা নেওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে কতদিন থাকবে, শুরু থেকেই অনেকের মনে এই প্রশ্ন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। এইমসের রিপোর্ট কিছুটা স্বস্তি দিল।
সুত্র : আজকাল



