
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে ইতিহাসে প্রথমবারের মত আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশি নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ’র সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় ফ্রান্সের রাজধানীর প্যারিসে এক সংবাদ সম্মেলনে ‘আঁ সার্তে রিগার্দ’ বিভাগে বাংলাদেশের ছবিটি নির্বাচিত হওয়ার বিষয়টি জানানো হয়।
ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন- আজমেরী হক বাধঁন। ছবির গল্প প্রাইভেট মেডিকেল কলেজের একজন শিক্ষক রেহানা মরিয়ম নূরকে নিয়ে।
পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এবং সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার।
ছবিটির সিনেমাটোগ্রাফার তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল ও সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। ছবিটি সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রডাকশন।
ছবিতে আরো অভিনয় করেছেন -আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে।
উল্লেখ্য, আগামী ৬ জুলাই থেকে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হবে বিশ্বের প্রথম সারির আর্ন্তজাতিক এই চলচ্চিত্র উৎসব।



