রাজ্য

রাজ্যে করোনার সংক্রমণ আরও নিম্নমুখী, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু

রাজ্যে করোনার সংক্রমণ আরও নিম্নমুখী, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু - West Bengal News 24

কোভিডের দ্বিতীয় ঢেউ গোটা দেশ জুড়েই নিম্নমুখী। মে মাস জুড়ে যে রূদ্রমূর্তি দেখিয়েছিল করোনা ভাইরাস, এখন তা অনেকটাই শান্ত হয়ে এসেছে। প্রায় প্রতিদিনই কমছে বাংলার দৈনিক সংক্রমণও। শনিবারও দেখা গেল রাজ্যে একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা রয়েছে ৮ হাজারের নীচে। রাজ্য স্বাস্থ্য দফতর এদিন যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ৬৮২ জন। আক্রান্তের চেয়ে দৈনিক সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি।

একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ১৪৬ জন। যদিও এখনও ১০০-র নীচে নামেনি দৈনিক মৃত্যুর সংখ্যা। মৃত্যু হার নিয়েই চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা। সরকারি পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৮ জন। সুস্থতার হার ৯৫.৭৩ শতাংশ।

একদিনে কোভিড টেস্টও কম হয়নি। মোট ৭২ হাজার ৬৭২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। জেলাভিত্তিক সংক্রমণের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে বেশ খানিকটা কমেছে কলকাতার সংক্রমণ। একটানা কয়েক সপ্তাহ ধরে যে পরিসংখ্যান কিছুতেই হাজারের নীচে নামছিল না, এখন যা নেমেছে অনেকটাই।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় মোট সংক্রমিত হয়েছেন ৭৯৬ জন। আর ভাইরাসের ছোবলে মারা গেছেন ২৩ জন। তবে কলকাতায় সংক্রমণ কমলেও উন্নতি হয়নি উত্তর ২৪ পরগনার। এদিনও হাজারের গণ্ডি পেরিয়েছে এই জেলার করোনা আক্রান্তের সংখ্যা। মোট আক্রান্ত ১ হাজার ৬৬৪ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের।

বাকি জেলাগুলির মধ্যে একমাত্র জলপাইগুড়ির সংক্রমণ রয়েছে ৫০০-র উপরে। করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে মে মাসের মাঝামাঝি সময়ে বিধিনিষেধ আরোপ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণপরিবহন তারপর থেকে বন্ধ রয়েছে। অনেকেই মনে করছেন এই বিধিনিষেধের কারণে সংক্রমণে লাগাম লেগেছে।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button