হরিয়ানায় কৃষক নেতা গ্রেফতারের সাক্ষী গরু

হরিয়ানায় কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা গত বুধবার জেজেপি দলের বিধায়ক দেবেন্দ্র সিং বাবলির বাড়ি ঘেরাও করেন। এদিনই রাতে বিকাশ সিসার ও রবি আজাদ নামে দুই কৃষক নেতা গ্রেফতার হন। তাঁদের মুক্তির দাবিতে রবিবার কৃষকরা থানায় অবস্থান করেন। ফতেহাবাদ জেলার তোহানা থানায় দেখা যায়, কৃষকরা একটি গরুকে নিয়ে এসেছেন। তাঁদের দাবি, কৃষক নেতাদের গ্রেফতারের সাক্ষী ওই গরুটি। রবিবার রাতে দুই কৃষক নেতাকে মুক্তি দেওয়া হয়।
কিন্তু তোহানা থানায় তার পরেও অবরোধ চলতে থাকে। সোমবার দেখা যায়, গরুটিকে থানার কাছে একটি খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। কৃষকদের দাবি, পুলিশই ওই গরুর জন্য খাবার ও জলের ব্যবস্থা করুক। আন্দোলনকারী কৃষকদের একজন বলেন, ‘বর্তমান সরকার নিজেদের গোভক্ত বলে দাবি করে। আমাদের ধারণা, গরু নিয়ে আন্দোলন করলে সরকারের মনে সুবুদ্ধির উদয় হবে।’ মঙ্গলবার বিধায়ক দেবেন্দ্র সিং বাবলি একটি টিকাকরণ কেন্দ্র উদ্বোধন করতে গিয়েছিলেন।
তখনই কৃষকদের সঙ্গে তাঁর বচসা হয়। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন, বিধায়করা যেন তাঁদের নির্বাচন কেন্দ্র ছেড়ে না যান। কৃষকদের আশঙ্কা, বিধায়করা তাঁদের একাংশকে টোপ দিয়ে আন্দোলন থেকে সরাতে চাইবেন। তোহানায় বাল্লিয়ালা রেস্ট হাউসে মঙ্গলবার বাবলির সঙ্গে কৃষক নেতাদের কথা হয়। বৃহস্পতিবার কৃষকরা বিধায়কের কুশপুতুল দাহ করেন। তাঁরা দাবি করেন, বিধায়ক যে আপত্তিকর মন্তব্য করেছেন, সেজন্য তাঁকে ক্ষমা চাইতে হবে।
মঙ্গলবার বিধায়কের সঙ্গে বচসার পরে কৃষকদের বিরুদ্ধে দু’টি এফআইআর হয়। বুধবার কৃষকরা বাবলির বাড়ি ঘেরাও করেছিলেন। সেজন্য আর একটি এফআইআর হয়। কৃষকরা বলেছেন, বিধায়ক যদি ক্ষমা না চান, তাহলে তাঁরা হরিয়ানা জুড়ে থানা ঘেরাও করবেন। কৃষক নেতা গুরনাম সিং চাদুনি আবেদন জানিয়েছেন, আন্দোলন যেন শান্তিপূর্ণ পথে পরিচালিত হয়। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেন, কৃষকরা আন্দোলন করলে তাঁর আপত্তি নেই। কিন্তু কেউ যেন আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে না নেয়।
২০২০ সালের সেপ্টেম্বরে সংসদে তিন কৃষি আইন পাশ হওয়ার পর থেকেই কৃষকরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এই আইন মানতে তাঁরা নারাজ। পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের কৃষকরা দিল্লির তিনটি সীমান্ত অঞ্চলে গিয়ে জড়ো হয়ে একটানা অবস্থান করে চলেছেন। বহু বাক-বিতন্ডার পরও এখনও অবধি তাঁদের দাবির কোনও মীমাংসা হয়নি।
সূত্র : দ্য ওয়াল



