যেখানে ভোট সেখানেই টিকাকরণ, নয়া উদ্যোগ কেজরিওয়াল সরকারের

ভোটকেন্দ্রেই হবে টিকাকরণ। উদ্যোগ কেজরিওয়াল সরকারের। ৪৫ ঊর্ধ্বদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবেন সরকারি কর্মীরা। কারা টিকা পেয়েছেন, কারা পাননি। কারা একটি ডোজ নিয়েছেন। এরকম ৪৫ ঊর্ধ্ব খুঁজে পেলেই তাদের নিজেদের ভোটকেন্দ্রেই করা হবে টিকাকরণের ব্যবস্থা।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ বলেছেন, টিকার পর্যাপ্ত জোগান থাকলে আগামী চার সপ্তাহের মধ্যে রাজধানীর ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণ সম্পূর্ণ করা হবে। দিল্লিতে ৫৭ লক্ষ মানুষ রয়েছে, যাঁদের বয়স ৪৫ ঊর্ধ্বে। এর মধ্যে ২৭ লক্ষের একটি ডোজ নেওয়া হয়ে গেছে।
টিকাকরণের জন্য ভোটকেন্দ্রে একদম ভোটের মতোই পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। যাঁরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন। মঙ্গলবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। দিল্লির ২৮০ টি ওয়ার্ডে চার সপ্তাহের মধ্যে এই কর্মসূচি সেরে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাত্ প্রতি সপ্তাহে ৭০ ওয়ার্ডে এই কর্মসূচি চলবে।
কেজরিওয়াল বলেছেন, ‘৪৫ ঊর্ধ্ব অনেকেই টিকাকরণ কেন্দ্রে আসতে পারছেন না। সেকারণেই এই উদ্যোগ। বাড়ির সামনে নিজেদের ভোটকেন্দ্রেই মিলবে টিকা দেওয়ার সুবিধা।’ আবার অনিচ্ছুকদের টিকার গুরুত্ব বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনকে। এমনকি নিকটবর্তী ভোটকেন্দ্রে টিকা দিতে যাওয়া ৪৫ ঊর্ধ্বদের জন্য ই-রিক্সার ব্যবস্থাও রাখছে কেজরি সরকার। এই প্রক্রিয়াই মেনে চলা হবে ১৮-৪৪ বয়সিদের টিকাকরণের ক্ষেত্রে। জানিয়েছে কেজরি সরকার।
সূত্র : আজকাল



