কর্মীদের বেতন দেওয়ার সামর্থ নেই, বন্ধ হচ্ছে মুম্বইয়ের হায়াত রিজেন্সি হোটেল

আর্থিক সঙ্কটে তালা পড়ল মুম্বইয়ের হায়াত রিজেন্সির দরজায়। সোমবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই নামী হোটেলের তরফে সাময়িক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। মার্কিন আতিথেয়তা পরিষেবা দেওয়া কোম্পানি হায়াত বিশ্বের নানা জায়গায় হোটেল চালায়, ফ্র্যাঞ্চাইসি দেয়। এশিয়ান হোটেলস (ওয়েস্ট) এর পক্ষ থেকে কন্ট্র্যাক্টের ভিত্তিতে তারা মুম্বইয়ের হোটেলটি চালাচ্ছে।
হসপিটালিটি ইন্ডাস্ট্রির প্রবীণ ব্যক্তিত্ব তথা ফেডারেশন অব হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনস অব ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি সুশীল কুমার গুপ্তা এশিয়ান হোটেলস (ওয়েস্ট) এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। বিবৃতিতে বলা হয়েছে, হোটেলের সব অন রোলে থাকা কর্মীর অবগতির জন্য জানানো হচ্ছে, বেতন দেওয়া বা হোটেল পরিষেবা চালানোর মতো কোনও অর্থ হায়াত রিজেন্সি, মুম্বইয়ের মালিক এশিয়ান হোটেলস (ওয়েস্ট) লিমিটেড থেকে না আসায় যাবতীয় কাজকর্ম বন্ধ থাকছে।
পরবর্তী নোটিস পর্যন্ত বন্ধ থাকবে হোটেল। সংবাদ সংস্থাকে অবশ্য হায়াতের ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি হেড- ইন্ডিয়া, সাঞ্জে শর্মা বলেছেন, আমাদের কাছে অতিথি ও সহকর্মীরা সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা পরিস্থিতি মোকাবিলায়, সমস্যা সমাধানে হোটেল মালিকের সঙ্গে গভীর যোগাযোগ রেখে চলছি। যদিও প্রয়োজনীয় আর্থিক রসদ কবে থেকে আসা বন্ধ রয়েছে, সে ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।
২০০২ সালে মুম্বইয়ে পরিষেবা শুরু করে হায়াত রিজেন্সি, দিল্লিতে তাদের দুদশকের ব্যবসার পর। মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই হওয়ার ফলে কর্পোরেট অতিথি পরিষেবা, নানা সামাজিক অনুষ্ঠান আয়োজনে ভালই ব্যবসা চলছিল তাদের। হোটেলে ৪০১টি ঘর আছে, জানাচ্ছে তাদের ওয়েবসাইট।
সুত্র : দ্য ওয়াল



