পার্ক স্ট্রিটের বহুতলে আগুন, কালো ধোঁয়ায় আতঙ্ক

ফের পার্ক স্ট্রিটে বড় অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে আগুন লাগল এপিজে হাউজের পাঁচ তলায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে দেখে খবর যায় দমকলে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১২টি ইঞ্জিন। ল্যাডার লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। সূত্রের খবর, এপিজে হাউজের পাঁচ তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্কে চেঁচামেচি শুরু হয়ে যায়।
তড়িঘড়ি খবর যায় দমকলে। আপাতত ঘটনাস্থলে রয়েছে দমকলের ১২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ধোঁয়ায় ভরে গেছে চারদিক। ওই বিল্ডিংয়ে একাধিক অফিস আছে। তাছাড়া ব্যাঙ্ক ও দোকানও রয়েছে। আগুন লাগার সময় বিল্ডিংয়ের ভেতরে কয়েকজন ছিলেন। তাঁদের নিরাপদে বের করে আনা হয়েছে বলে খবর।
দমকলকর্মীরা জানাচ্ছেন, জানলার কাঁচ ভেঙে আগুনের উত্সস্থলে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল সে কারণ এখনও স্পষ্ট নয়। কিছুদিন আগেই পার্ক স্ট্রিটের একটি বহুতলে শাড়ির গোডাউনে আগুন লেগে যায়। বহুতলের চার তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের জেরে কয়েকটি শাড়ি ও সালোয়ার কামিডের গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। তবে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।
সুত্র : দ্য ওয়াল



