মরশুমের প্রথম প্রবল বর্ষণেই ভাসছে মুম্বই, এক দিন আগেই মুম্বইয়ে এল বর্ষা

সাধারণত ১০ জুন মুম্বইতে আসে বর্ষা। এবার এক দিন আগেই এসে গেল বর্ষা। জলে ভাসল বাণিজ্যনগরী এবং তার উপকণ্ঠ। রাস্তায় জল জমায় তীব্র যানজট তৈরি হল।
কেরলে এবার ৩ জুন বর্ষা এসেছে। তার পর থেকে বেশ গতিতেই দেশের মধ্যভাগে এগোচ্ছে বর্ষা। ভারতীয় আবহাওয়া দপ্তরের মুম্বই দপ্তরের প্রধান ডা. জয়ন্ত সরকার জানালেন, আজই বর্ষা ঢুকেছে শহরে। মুম্বইয়ের কোলাবায় গত এক দিনে ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকালে ৬ ঘণ্টায় বেলাপুরে বৃষ্টি হয়েছে ১৫২ মিলিমিটার। ওরলি, মালভানিতেও দারুণ বৃষ্টি হয়েছে। গান্ধী মার্কেট, সিওন সার্কল, ভিল পার্লের মিলন সাবওয়েতে জল জমেছে।
এমনিতে মুম্বইতে বর্ষাকালে লোকাল ট্রেন চলাচল দারুণ ব্যহত হয়। তবে এদিন লোকাল ট্রেন ঠিক সময়েই মোটামুটি চলছে। যদিও ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে কুর্লার ট্রেন বন্ধ রাখা রয়েছে। বৃহন্মুম্বই পুরসভা জানিয়েছে, সকালে সমুদ্রে জোয়ারের সময় ঢেউয়ের উচ্চতা হয় ৪.১৬ মিটার।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মুম্বইয়ের মতো অনেক জায়গাতেই বর্ষার আসার সময় এগিয়ে আসতে পারে। তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওডিশা, বাংলায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ঢুকবে বর্ষা।
সুত্র : আজকাল



