মদের গ্লাস হাতে মহাদেব! ইনস্টাগ্রামের বিরুদ্ধে এফআইআর করলেন বিজেপি নেতা

ইনস্টাগ্রামের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতার। মঙ্গলবার দিল্লির পার্লামেন্ট থানায় অভিযোগ দায়ের করেন মণীশ সিং। তাঁর অভিযোগ, ইনস্টাগ্রামে ভগবান শিবের অবমাননা করা হয়েছে। আর তার ফলে আহত হয়েছে হিন্দু ভাবাবেগ।
একটি স্টিকারকে ঘিরেই যাবতীয় বিতর্কের শুরু। সেখানে শিবের এক হাতে মদের গ্লাস ও অন্য হাতে মোবাইল ফোন দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে স্টোরি আপলোড করার সময় শিবের ছবি সার্চ করলেই ছবিটি দেখা যাচ্ছে। আর সেটি আপলোড করা হয়েছে ইনস্টাগ্রামের তরফেই। আর তাই ইনস্টাগ্রামের সিইও সহ অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। মণীশ জানিয়েছেন, স্টিকারটি না সরানো হলে তিনি ইনস্টাগ্রামের দপ্তরের সামনে গিয়ে ধর্নায় বসবেন।
এটা ঘটনা গত ২৫ ফেব্রুয়ারি ডিজিটাল কনটেন্ট সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করেছিল ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। যেখানে উদ্দেশ্য ছিল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যেন তাদের কনটেন্ট সম্পর্কে দায়িত্ববান ও দায়বদ্ধ থাকেন তা নিশ্চিত করা। জানানো হয় আপত্তিকর পোস্ট হিসেবে চিহ্নিত হলে সেই কনটেন্ট সরিয়ে নিতে হবে ৩৬ ঘণ্টার মধ্যে।
এরপর টুইটারের মতো জনপ্রিয় সংস্থা অভিযোগ জানায়, এর ফলে ইউজারদের বাক স্বাধীনতা লঙ্ঘিত হবে। সেই বিতর্কই নতুন মাত্রা পেল ইনস্টাগ্রামের বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে।
সুত্র : আজকাল



