রাজ্য

‌’‌এক দেশ এক রেশন’‌ প্রকল্প নিয়ে সমস্যা নেই : মমতা

‌’‌এক দেশ এক রেশন’‌ প্রকল্প নিয়ে সমস্যা নেই : মমতা - West Bengal News 24

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, পরিযায়ীদের স্বার্থে ‘‌এক দেশ এক রেশন’‌ প্রকল্প চালু করতে হবে বাংলায়। ‘‌কোনও অজুহাত দেওয়া যাবে না।’‌ এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিলেন এই প্রকল্প নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। এখনও আধার সংযোগ প্রক্রিয়া বাকি রয়েছে। তা ৩ মাসের মধ্যে হয়ে যাবে। নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই কথা বললেন মমতা।

কেন্দ্রের ‘‌এক দেশ এক রেশন’‌ প্রকল্পের বিরোধিতা করেছিল পশ্চিমবঙ্গ, ওডিশা, তামিলনাড়ু সহ কয়েকটি রাজ্য। তার পরেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় এই প্রকল্প চালু করা নিয়ে গড়িমসি চলবে না। এতে পরিযায়ী শ্রমিকদের সুবিধা হবে। এর পরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন, তাঁর এই প্রকল্প চালু করতে সমস্যা নেই।

পাশাপাশি খাদ্যসাথী ও ধান সংগ্রহ নিয়ে সাত দফা নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান, ৭ দিনের মধ্যে সমস্ত মৃত রেশন গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের কার্ডের নম্বর, মৃত্যুর শংসাপত্র ইত্যাদি সংগ্রহ করে রিপোর্ট জমা দিতে হবে। প্রয়োজনে কাজে লাগাতে হবে আইসিডিএসের কর্মীদের।

যত শিগগিরই সম্ভব সমস্ত রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাঁরা শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে রেশন কার্ড ব্যবহার করেন, কিন্তু রেশনে খাদ্য সামগ্রী তোলেন না, তাঁদের তালিকা তৈরি করে রিপোর্ট জমা দিতে হবে।

খাদ্যশস্যের সংরক্ষণের জন্য নতুন গুদাম তৈরির জন্য জমি সনাক্ত করতে হবে। খাদ্যসামগ্রী বণ্টনে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে নজরদারি সেল গঠন করেছে অর্থ দপ্তর। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, ধান সংগ্রহের ক্ষেত্রে আরও বেশি করে স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগাতে হবে। নজর দিতে হবে সমবায়গুলির দিকে।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button