
তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতারা এমনিতেই বেসুরো হচ্ছেন নির্বাচনের পর। রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, সুনীল মণ্ডলরা বিজেপিতে থেকেই দলের লাইনের বাইরে কথা বলছেন। রাজনৈতিক মহলের ধারণা, তারা দলবদল করবেন বলেই এই বার্তা দিতে চাইছেন। কিন্তু এত তৃণমূল ত্যাগী বেসুরোদের মাঝে নতুন সংযোজন বিজেপি নেত্রী তথা রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।
বিজেপির প্রথমসারির নেত্রী, যিনি বঙ্গে বিজেপির উত্থানের অন্যতম কারিগর। এবার তিনিই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোষ্ট করেছেন। রূপা গাঙ্গুলি লিখেছেন, ‘রাজনীতিকে গ্ল্যামারাইজ করে লাভ নেই। অনেক রক্ত ঝরলেও কেউ পাশে থাকে না।’ আচমকাই বিজেপি নেত্রীর এই মন্তব্য ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
২১-এর নির্বাচনে দেখা গিয়েছিল দলের পুরানো নেতৃত্বদের কম ব্যবহার করা হচ্ছে। নতুন তৃণমূল থেকে আসা কিংবা তারকাদের রাখা হচ্ছে প্রচারে ও মিছিলে। আর এতেই অভিমান হয়েছে রূপার। হাতে গোনা কয়েকটা মিছিল বা রোডশো করেছেন। তারপরেই এই কঠিন লড়াইয়ে ব্রাত্য রাখা হয়েছে তাঁকে। অভিনয় জগত ছেড়ে বিজেপির জন্য বাংলায় জান লড়িয়ে দিয়েছিলেন রূপা। কিন্তু তাঁর বিনিময়ে রাজ্যসভার সাংসদ ছাড়া আর কিছুই পাননি তিনি।
রূপার আরও ক্ষোভ রয়েছে, তাঁকে রাজ্যসভায় আর ভোকাল হতে দেওয়া হয়না। আগের মতো বক্তব্য রাখতেও দলের তরফে কোনও দায়িত্ব বা নির্দেশ পাননা তিনি। একদা বাংলায় বিজেপির মহিলা সংগঠনকে ঢেলে সাজিয়েছিলেন তিনি। কিন্তু আজ তাঁর গুরুত্ব কমায় এই ইঙ্গিতপূর্ণ পোষ্ট করেছেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, আদি বিজেপির সদস্য হওয়া রূপার এই মন্তব্য বাংলায় এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ।
সুত্র : এই মুহুর্তে



