
২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ ফিরিয়েছিল খালি হাতে। এরপর ২০২১ সালে রাজ্যজুড়ে মমতা ঝড় বয়ে গেলেও উত্তরবঙ্গের হারানো জমি ফেরাতে ব্যর্থ হয় তৃণমূল। এই আবহে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আগামী ২১ জুন তাঁর উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল। তবে আপাতত সেই সফর স্থগিত করা হল বলে জানা গিয়েছে। খারাপ আবহাওয়ার কারণেই এই সফর স্থগিত হল বলে জানান তৃণমূল নেতা গৈতম দেব। শিলিগুড়িতে উত্তরবঙ্গের ৫ জেলার প্রশাসনিক বৈঠক করার কথা ছিল মমতার।
বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে বৃষ্টিপাত চলছে। অতিবৃষ্টির জেরে কলকাতাক একাংশ জলমগ্ন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার শিলিগুড়িতে গৌতম দেব জানান, খারাপ আবহাওয়ার কারণে আপাতত উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে উত্তরবঙ্গে। এই পরিস্থিতিতে অনেক মানুষই নাকি অসমে পালিয়েছেন। এই আবহে উত্তরবঙ্গ সফরে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। এরপরে মমতার এই সফর রাজনৈতিক ভাবে বেশ তাত্পর্যপূর্ণ হওয়ার কথা।
এদিকে দক্ষিণবঙ্গে আবহাওয়া গত কয়েকদিন ধরেই বেশ খারাপ। অনবরত বৃষ্টি হয়ে চলেছে। ইয়াসের ধাক্কা এখনও বহু জায়গায় সামলে ওঠা যায়নি। এই আবহে ফের ভরা কোটালের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে জরুরি পরিস্থিতি তৈরি হলে ত্রাণ ও উদ্ধারকাজের তদারকি করতে হতে পারে। তাই পরিস্থিতির উপর নজর রাখতে আপাতত কলকাতা ছাড়ছেন না মমতা। তবে উত্তরবঙ্গে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে শীঘ্রই উত্তরবঙ্গে যাবেন মমতা।
এই সফরে উত্তরবঙ্গের ফলাফল নিয়ে কাটাছেঁড়া করা হবে বলে জানা গিয়েছে। আবহাওয়া ভালো হলে পরবর্তী দিনে এই সফর হতে চলেছে বলে জানা গিয়েছে।
সুত্র : হিন্দুস্তান টাইমস



