
অভিনব কায়দায় কয়েক লক্ষ টাকা চুরির দায়ে গ্রেফতার দুই অভিনেত্রী। তাদেরকে গ্রেফতার করেছে মুম্বাইয়ের অ্যারে থানার পুলিশ। করোনার জেরে বন্ধ রয়েছে শ্যুটিং। এরই মধ্যে জড়িয়ে পড়লেন অপরাধে। আর্থিক অনটনে এই চুরি কিনা,খতিয়ে দেখছে পুলিশ।
ধৃত দুই অভিনেত্রী মুম্বাইয়ের আরে কলোনিতে পেয়িং গেস্ট হিসাবে ভাড়ায় ছিল। যেই বাড়িতে ধৃতরা ছিল,সেখানে অপর এক পেয়িং গেস্ট ছিল। তার কাছ থেকে অভিনব কায়দায় নগদ ৩ লক্ষ ২৮ হাজার টাকা চুরি করে চম্পট দেয় দুই অভিনেত্রী। কিন্তু অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে।
লকার থেকে ৩ লক্ষ ২৮ হাজার টাকা চুরি যাওয়ার পর পুলিশে অভিযোগ জানান এক মহিলা। প্রথম থেকেই ওই দুই অভিনেত্রীর উপর সন্দেহ ছিল পুলিশের। তদন্তে নেমে পুলিশ ঘরের সিসিটিভির ফুটেজ হাতে পায়।
সেখানে দেখা যায় ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তারপরই দুই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে নেয় তারা। এমনটাই দাবি পুলিশের।



