রাজ্যের ঘাড়ে বিপুল আর্থিক বোঝা, করোনায় মৃতদের ক্ষতিপূরণ দেওয়া যাবে না, জানাল কেন্দ্র

করোনায় মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। সুপ্রিম কোর্টকে এমনটাই জানাল কেন্দ্র। যুক্তি হিসেবে সরকারের দাবি, এ ধরনের সাহায্য শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেই প্রযোজ্য। তা ছাড়া রাজ্যগুলির ঘাড়ে এই মুহূর্তে বিপুল আর্থিক বোঝা রয়েছে। ফলে তাদের পক্ষে সমস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।
১৮৩ পাতার হলফনামায় কেন্দ্র আরও জানিয়েছে, শুধুমাত্র কোভিডে মৃতদের পরিবারকে এই অর্থসাহায্য দিলে অন্যান্য বিভিন্ন রোগে স্বজন হারানো পরিবারদের প্রতিও বঞ্চনা করা হয়। এটা মেনে নেওয়া যায় না। পাশাপাশি এফিডেভিটে আরও বলা হয়েছে, করোনায় দৈনিক মৃত্যুর হার প্রতিদিন বাড়ছে।
এখনও পর্যন্ত দেশে ৩ লক্ষ ৮৫ হাজারের বেশি মানুষ কোভিডের বলি হয়েছেন। আগামী দিনে এই গ্রাফ আরও চড়বে। স্বাস্থ্য পরিকাঠামোর জোগান দিতে গিয়ে রাজ্যগুলি এমনিতে বিধ্বস্ত। তাই আর্থিক ধাক্কা সামলে কেউই এই বিপুল সংখ্যক পরিবারকে ক্ষতিপূরণ দিতে পারবে না।
তা ছাড়া যে দুর্যোগ মোকাবিলা আইনের কথা আনা হচ্ছে, তা যে শুধুমাত্র বন্যা, ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেই লাগু হয়, সে বিষয়টিও এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্র। সরকারের দাবি, করোনার মতো ব্যাপক মাত্রার অতিমহামারীর জন্য এই আইন কোনওভাবেই প্রযোজ্য নয়।
সূত্র : দ্য ওয়াল



