
রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্যের তৃণমূল সরকারের সংঘাত যেন কিছুতেই থামার নয়। বিশেষ করে সাম্প্রতিক কালে রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজ্যপালের দিল্লি সফরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় #DhankharAbBanndhkar লেখার ঝড় তুলেছিল রাজ্যের শাসক দল। এবার তাকে মিথ্যেবাদী এবং পাগল পর্যন্ত বলে সম্বোধন করা হল।
রাজ্যের দায়িত্ব নিয়ে আসার পর থেকেই বরাবর বিজেপির হয়ে কথা বলতে দেখা গিয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে। এখন আর শুধু শাসক দলের নেতাকর্মীরাই নয়, বরং রাজ্যের সাধারণ মানুষ তাঁকে বিজেপির মুখপাত্র বলেই ডাকেন। রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ মহাকুমা আইএনটিটিইউসি উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠানে এসে রাজ্যপালকে কার্যত ‘পাগল বললেন সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন।
রাজ্যপালের প্রসঙ্গ উঠতেই মঞ্চের উপর দাঁড়িয়ে তিনি বললেন, ‘পাগলে কিনা বলে আর…. একটা কথা আছে না, সেইটাই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরাট জয় বিজেপিকে দিশেহারা করে তুলেছে। আর রাজ্যপাল তো বিজেপির মুখপাত্র। কী বলবেন কী করবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না।’
রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনিও নিশানা করলেন রাজ্যপালকে। তিনি সরাসরি অভিযোগ করলেন, ‘বাংলা দখল করতে না পেরে এখন ভাগ করার চক্রান্ত করছে বিজেপি। আর তাতে পুরোদস্তুর ভূমিকা পালন করছেন রাজ্যপাল। বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ যেমন বিজেপির মুখে ঝামা ঘষে দিয়েছিল, ঠিক সেভাবেই এই চক্রান্তের জবাব দেবে মানুষই।’
ওই একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আগাগোড়াই যিনি রাজ্যপালের দিকে আঙুল তুলেছেন। এদিন তাঁর মন্তব্য, ‘রাজ্যপালের লেভেল অনেক বড়। ওঁনার এখানে থাকাই উচিত নয়। শুধু দিল্লি নয়, গোটা ভারতবর্ষে কম পড়বে তাঁর জন্য।
উনি বরং আমেরিকায় গিয়ে ডাইরেক সাহেবকে বলুক বা রাষ্ট্রপুঞ্জে গিয়ে অভিযোগ করুক।’ এখানেই থামেননি জ্যোতিপ্রিয়, অনেকটা কটাক্ষের সুরে তিনি বলেন, ‘বিজেপি তো উনাকে এখনও রাজ্য সভাপতি করেনি, তাহলে এত ইনসিকিউরিটি কেন?’। মন্ত্রীর দাবি, গোটা ভোট প্রক্রিয়া চলাকালীন ও ভোট-পরবর্তী পরিস্থিতিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে তৃনমূলের কর্মী-সমর্থকরা। তাঁর কথায়, ‘সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন রাজ্যপাল। জগদীপ ধনকড় একজন মিথ্যাবাদী।’
সূত্র : এই মুহুর্তে



