রাজ্য

‘টোটোয় চেপে ফিরতে চাইছেন তৃণমূলে’, নাম না করে রাজীবকে খোঁচা কুণালের

‘টোটোয় চেপে ফিরতে চাইছেন তৃণমূলে’, নাম না করে রাজীবকে খোঁচা কুণালের - West Bengal News 24

চার্টার্ড বিমানে চেপে দিল্লি গিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। বর্তমানে তিনিই না কি টোটোয় চেপে ফিরতে চাইছেন তৃণমূলে। নাম না করে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের এই মন্তব্য। স্বাভাবিকভাবেই তার নিশানায় রাজীব বন্দ্যোপাধ্যায়।

একদিকে যখন এই পরিস্থিতি অন্যদিকে বিজেপি দলের ‘বেসুরো’ নেতাদের শো কজের চিঠি পাঠাল। তাত্‍পর্যপূর্ণ বিষয়, সেই তালিকায় নেই রাজীব বন্দ্যোপাধ্যায়। তাহলে কি বিজেপি ধরেই নিয়েছে, রাজীব তৃণমূলের ফিরছেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘তাঁকে আলাদা ভাবে বোঝানো হচ্ছে।’

বিধানসভা ভোটের মুখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সঙ্গে নিয়ে দল ছেড়েছিলেন তত্‍কালীন ডোমজুড়ের বিধায়ক তথা বনমন্ত্রী। কিন্তু ভোটে বিজেপির ভরাডুবির পর অন্যান্য দলবদলু নেতাদের মতো তাঁকেও বে-সুরে কথা বলতে দেখা গিয়েছে।

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ রবিবার বলেন, ‘যারা দল বিরোধী মন্তব্য করছেন, তাদের অনেককেই ইতিমধ্যে শো-কজ চিঠি ধরানো হয়েছে। তবে রাজীব বন্দ্যোপাধ্যায়কে আলাদা ভাবে বোঝানো হচ্ছে।’ রাজ্য বিজেপির সভাপতির এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি বঙ্গ বিজেপি ধরেই নিয়েছে, রাজীবকে আর দলে ধরে রাখা যাবেনা। যদিও তাঁর তৃণমূলে ফেরার পথ এখনও প্রশস্ত নয়।

পাশাপাশি এদিনই তৃণমূলের সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘ভোটের আগে যাঁরা বিজেপি-তে গিয়েছিলেন, কেউ আমাদের জিজ্ঞাসা করে যাননি। এখন বিজেপি-তে থাকতে চাইছেন না। তখন চার্টার্ড বিমানে গিয়েছিলেন। এখন টোটোয় চেপে ফিরতে চাইছেন।’ অথচ মাত্র ক’দিন আগে তাঁর সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

যা নিয়ে রাজ্য রাজনীতিতে কম জল ঘোলা হয়নি। দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত কটাক্ষ করতে ছাড়েননি। তবে এদিন কুণাল ঘোষ বললেন, ‘বিজেপি ক্ষমতায় আসছে ভেবে হুজুগে মেতেছিলেন অনেকে। দলে দলে বিজেপি-তে গিয়ে তৃণমূলের মনোবল ভাঙার চেষ্টা করেছিলেন।

দলের বিরুদ্ধে প্রার্থীও হয়ছছিলেন। তাঁদের বাদ দিয়েই জিতেছে তৃণমূল। এখন কে কাকে হোয়াটসঅ্যাপ করছেন, কে কাকে চিঠি দিচ্ছেন, কে কার সঙ্গে সৌজন্য বৈঠক করছেন, ফিরতে চেয়ে বিবৃতি দিচ্ছেন, সবের উপর নজর রয়েছে দলের। কিন্তু এ বার ভোটের লড়াইয়ে যাঁরা প্রাণ দিয়ে লড়াই করেছেন, আহত হয়েছেন তাদের আবেগে আঘাত লাগুক, এমন কোনও পদক্ষেপ দল করবে না। সবাইকে বলব, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন।’

সুত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য