রাজ্য

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোপনে সাক্ষাত্‍, তৃণমূলে যোগ দিচ্ছেন প্রণবপুত্র অভিজিত্‍?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোপনে সাক্ষাত্‍, তৃণমূলে যোগ দিচ্ছেন প্রণবপুত্র অভিজিত্‍? - West Bengal News 24

একুশের বিধানসভা ভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল। আর তারপর থেকেই বিভন্ন বিরোধী দল থেকে নেতা-‌কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূলে। প্রণব-পুত্র অভিজিত্‍ মুখার্জীকে নিয়ে বাড়ছে জল্পনা। কারণ গতকালই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেন অভিজিত্‍ মুখার্জী। ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জির অফিসে আসেন অভিজিত্‍ বাবু।

সেখানেই দু’‌জনের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়। আর বৈঠক থেকেই উঠে আসছে নানা জল্পনা। রাজনৈতিক মহলের মতে, অভিজিত্‍ মুখার্জীর তৃণমূলে যোগ দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। বেশ কয়েকদিন আগেই অভিজিত্‍ মুখার্জীর সঙ্গে দেখা করেছিলেন মুর্শিদাবাদের তৃণমূল সভাপতি আবু তাহের খান। আবু তাহের খানের সঙ্গে অভিজিত্‍ মুখার্জির সঙ্গে দেখা করতে যান তৃণমূলের মন্ত্রী এবং বিধায়করাও।

সেই দলে ছিলেন রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান ও সাবিনা ইয়াসমিন। সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলাম ও মহম্মদ সোহরাব-সহ আরও অনেকেই যান অভিজিত্‍ বাবুর সঙ্গে দেখা করতে। জঙ্গিপুরে হয় সেই বৈঠক। তবে ওই বৈঠক নিয়ে তৃণমূল নেতারা জানান, সৌজন্যমূলক সাক্ষাত্‍ করতেই তাঁরা গিয়েছিলেন।

তৃণমূলে কবে যোগ দিচ্ছেন অভিজিত্‍ বাবু এ বিষয়ে কিছু বলতে চাননি তৃণমূল নেতারা। তবে অভিজিত্‍ বাবুর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, জঙ্গিপুরের বৈঠকে মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক বিষয়ে সংগঠন নিয়ে আলোচনা হয়। গতকাল অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠকে তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে কথা হয়। যদিও তৃণমূলের একটি সূত্র বলছে , অভিজিত্‍ মুখার্জির সঙ্গে যোগাযোগ রাখছেন এক বিজেপি নেত্রীও। তবে সেই বিজেপি নেত্রীও দল ছেড়ে অভিজিত্‍ বাবুর সঙ্গে তৃণমূলে যোগ দেবেন কিনা সে বিষয়ে কিছু জানা নেই।

সূত্র : আজকাল

 

আরও পড়ুন ::

Back to top button