অধিকাংশ দেশবাসীর মাস্কে অনীহা, বলছে সমীক্ষা

করোনার দ্বিতীয় ঢেউ সবে থিতু হয়েছে। এবার আসতে চলেছে তৃতীয় ঢেউ। গবেষকদের আশঙ্কা সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। আর তাতে দৈনিক ৫ লক্ষ সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। এই যখন পরিস্থিতি, তখন দেশের অধিকাংশ মানুষের মধ্যে এখনও মাস্ক ব্যবহারে অনীহা দেখা যাচ্ছে। সাম্প্রতিক একটি সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে।
লোকাল সার্কেলসের একটি অনলাইন সমীক্ষা বলছে, অন্তত ৬৭ শতাংশ মানুষ বলছে, তাঁদের এলাকায় মাস্ক নিয়ে সচেতনতা দেখা যাচ্ছে না। অর্থাত্ অনেকের মুখেই থাকছে না মাস্ক। দেশের ৩১২ টি জেলার ৩৩,০০০ মানুষের উপর এই অনলাইন সমীক্ষা চালানো হয়েছিল। সেখানে দেখা গেছে, ৬৭ শতাংশ মানুষ অভিযোগ করছেন, তাঁদের এলাকায় মাস্ক পরায় তীব্র অনীহা দেখা যাচ্ছে। এমনকি টিকাকরণ কেন্দ্রেও মাস্ক নিয়ে সচেতনতা নেই বলে অভিযোগ রয়েছে।
আর টিকাকরণ কেন্দ্রে মাস্ক নিয়ে সচেতনতা রয়েছে মাত্র ৩২ শতাংশ মানুষের।
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরেই টিকাকরণ কেন্দ্রগুলিতে লম্বা লাইন দেখা গেছে। কিন্তু সেখানেও ভিড়ের মধ্যে লাইনে দাঁড়ানো অধিকাংশের মুখে ছিল না মাস্ক। সমীক্ষায় এমনটাই তথ্য উঠে এসেছে। তা সে হাসপাতাল, বেসরকারি ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্র। চিত্রটা সব জায়গায় মোটামুটি এক।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দু’জন মানুষ মাস্ক না পরে থাকলে সংক্রমণের সম্ভাবনা যেখানে ৯০ শতাংশ বেড়ে যায়। আর মাস্ক পরে থাকলে সংক্রমণের সম্ভাবনা অন্তত ৩০ শতাংশ কমে যায়। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বারবার মাস্ক পরার কথা বলছেন। কিন্তু দেশের চিত্র অন্য কথাই বলছে।
সূত্র : আজকাল



