রাজনীতিরাজ্য

“বাংলার মানুষকে ভুগতে হবে এই প্রকল্পের জন্য” স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী খোঁচা দিলীপ ঘোষের

Dilip Ghosh on Student Credit Card Scheme : “বাংলার মানুষকে ভুগতে হবে এই প্রকল্পের জন্য” স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী খোঁচা দিলীপ ঘোষের - West Bengal News 24

প্রতিশ্রুতি মতো বুধবারই নবান্ন থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ((Student Credit Card Scheme) প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডের পরিপ্রেক্ষিতে ক্রেডিট কার্ড নিয়ে যাতে কোনও জালিয়াতি না হয়, তার জন্য আগাম সতর্কতা নেওয়ার কথা বলেছেন মমতা।

প্রকল্প ঘোষণার পরই আসরে নেমে পড়েছে বিজেপি। এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে দিলীপের দাবি, বাংলার মানুষকে ভুগতে হবে এই প্রকল্পের জন্য।

বুধবার সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেছেন, ‘সরকার স্কিম চালু করেছে। তা নিয়ে সন্দেহ তো প্রকাশ হবেই। হয় এই প্রকল্প মাঝপথে বন্ধ হয়ে যাবে, নয়তো দু’নম্বরি হবে। উনি তো গৃহবধূদেরও ৫০০ টাকা দেবেন বলেছিলেন। আমাদের ওখানে জঙ্গলমহলে আদিবাসীদের ১০০০ টাকা দেবেন বলেছিলেন। একবার দিয়েছে, ভোট দেওয়ার পর থেকে এখন বলছে আর টাকা নেই। আর এই ধরনের স্কিম বিভিন্ন রাজ্যে করেছে। গুজরাতে রয়েছে। সুদ ছাড় দেওয়া হয়।

এই যে প্রকল্প চালু হচ্ছে তা নিয়ে যখন নিজেই উনি সন্দেহ প্রকাশ করেছেন তখন আমাদেরও সন্দেহ হওয়া স্বাভাবিক। এটা বাস্তব ভাবে প্রমাণিত কোনও প্রকল্প নয়। এতে ছিদ্র বন্ধ হবে না।’

দিলীপ ঘোষের প্রশ্ন, ‘একজন নিরাশ ও হতাশ মুখ্যমন্ত্রী কেমন হন তা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই বোঝা যায়। এই স্টুডেন্ট স্কিম গুজরাতে অনেক দিন আগে থেকেই দেওয়া হয়। অসমেও দেওয়া হয়। এখানে স্কিমে যিনি ঋণ নেবেন, তিনি যদি তা শোধ করতে না পারেন, তার দায় কে নেবে? সরকার নেবে? এখানকার যা পরিস্থিতি, পড়াশোনা করে চাকরি, ব্যবসা কিছুই করার উপায় নেই।

তাহলে কী ভাবে এই ঋণ শোধ দেবেন পড়ুয়ারা? উনি কোনও চিন্তাভাবনা না করেই ঘোষণা করেছেন। তার জন্য বাংলার মানুষদের ভুগতে হয়। এবারও তাই হবে।’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা স্টুডেন্ট ক্রেডিড কার্ড প্রকল্পে উচ্চশিক্ষার জন্য ১৫ বছর মেয়াদে ঋণ পাবেন ছাত্রছাত্রীরা। সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের আবেদন করা যাবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবে। এর পর স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, গবেষণা, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পাওয়া যাবে।

সূত্র : নিউজ ১৮

আরও পড়ুন ::

Back to top button