রাজনীতিরাজ্য

ধনকড় আর তুষারকে সরাতে প্রধানমন্ত্রীর পর এ বার রাষ্ট্রপতির দরবারে তৃণমূল!

ধনকড় আর তুষারকে সরাতে প্রধানমন্ত্রীর পর এ বার রাষ্ট্রপতির দরবারে তৃণমূল! - West Bengal News 24

প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার পর এবার কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটার সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী সপ্তাহেই তৃণমূলের সংসদীয় দল রাইসিনা হিলসে যাচ্ছে বলে খবর। বৃহস্পতিবার কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটার বাড়িতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী।

তুষার মেটা শুধু কেন্দ্রের সলিসিটর জেনারেল নন। তিনি সিবিআইয়ের আইনজীবীও বটে। এর পরেই তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে নারদ মামলার তদন্ত করছে সিবিআই, জেন্দ্রীয় এজেন্সির হয়ে যে মামলায় আদালতে সওয়াল করছেন সলিসিটর জেনারেল সেখানে সেই মামলাতেই একজন অভিযুক্তর সঙ্গে তিনি কী ভাবে বাড়িতে বৈঠক করেন? এ নিয়ে প্রশ্ন তুলে প্রথম সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

টুইট করে কুনাল লেখেন, ‘নারদে সিবিআইয়ের মামলায় এফআইআরে নাম থাকা শুভেন্দু অধিকারী সিবিআই আইনজীবী এসজি তুষার মেটার সঙ্গে দেখা করার পর তদন্ত ও মামলা প্রভাবিত হতে পারে। অবিলম্বে প্রভাবশালী শুভেন্দুর গ্রেফতার চাই।’

শুধু তাই নয় শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, সিবিআইয়ের কাছে একজন অযিযুক্ত কী ভাবে সলিসিটর জেনারেলের সঙ্গে সাক্ষাতের সময় পান? পাশাপাশি অভিষেক দাবি তোলেন তুষার মেটার বাড়ির সিসিটিভি ফুটেজ সামনে আনা হোক। যদিও বিরোধী দলনেতা গতকাল বিধানসভায় এক সাংবাদিক সম্মেলনে এ প্রসঙ্গে বলেন, তুষার মেটার সঙ্গে তার দেখা হয়নি। সলিসিটর জেনারেলও দাবি করেছেন, তাঁর সঙ্গে শুভেন্দুর কোনও বৈঠক হয়নি।

শুভেন্দুর এই বক্তব্যের পর তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারী দেখা করেননি তো তুষার মেটার ঘরে কি বেড়াল ঢুকল? নিজেকে তো বাঘ ভাবেন শুভেন্দুবাবু। সিসিটিভি দেখা হোক। পাশাপাশি, পার্থবাবু প্রশ্ন তোলেন, যে কেউ ঢুকে যেতে পারে ওই (তুষার মেটার বাড়ি) বাড়িতে? যে কেউ যাক তো দেখি নিরাপত্তারক্ষী আটকায় কিনা!’ এবার এই নিয়েই আগামী সপ্তাহে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধি দল।

সূত্রের খবর, তুষার মেটার অপসারণ নিয়েই রাষ্ট্রপতির দারস্থ হবে তৃণমূল। তবে তৃণমূলের আর একটি সূত্রের খবর মেটার পাশাপাশি, ফের একবার রাজ্যপালের বিষয় নিয়েও নালিশ ও তাঁর অপসারণেরও দাবি রাষ্ট্রপতির কাছে তুলবে তৃণমূল।

সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button