কলকাতা

সোমবার থেকে কলকাতায় ফের বাড়ছে স্টাফ স্পেশাল মেট্রো, জানুন নয়া সময়সূচি

Kolkata Metro :সোমবার থেকে কলকাতায় ফের বাড়ছে স্টাফ স্পেশাল মেট্রো, জানুন নয়া সময়সূচি - West Bengal News 24

করোনা সংক্রমণ নিম্নমুখী হতেই ধাপে ধাপে মেট্রোর সংখ্যা বাড়াচ্ছেন কর্তৃপক্ষ। ফের এক বার স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা বাড়নোর সিদ্ধান্ত নেওয়া হল। জানানো হয়েছে, সোমবার থেকে কলকাতায় অতিরিক্ত ২৪টি মেট্রো চলবে।

এখন স্টাফ স্পেশাল মেট্রো চলছে ৯০টি। এর মধ্যে রয়েছে ৪৫টি আপ ও একই সংখ্যক ডাউন। তবে সেই সংখ্যা বাড়িয়ে এ বার করা হচ্ছে ১০৪টি। আগামী সোমবার থেকে চলবে এই বাড়তি মেট্রো। দক্ষিণেশ্বর-গড়িয়া থেকে শেষ মেট্রো ছাড়ার সময়সারণিতেও আসছে পরিবর্তন।

শনিবার মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে সকালে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে প্রথম মেট্রো সকাল সাড়ে ৮টার পরিবর্তে সকাল ৮টায় ছাড়বে। দিনের প্রথমার্ধ্বে সকাল সাড়ে ১১টায় শেষ মেট্রো মিলবে। অন্যদিকে, দ্বিতীয়ার্ধ্বে বিকেল ৩.৪৫-এর বদলে সাড়ে ৩টে চালু হচ্ছে মেট্রো। দুই প্রান্তিক স্টেশনে শেষ মেট্রো সন্ধে ৭টার বদলে সোমবার থেকে ছাড়বে সাড়ে ৭টায়।

একই সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এ বার থেকে অফিস টাইমে ৮ মিনিট অন্তর চলবে মেট্রো। করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্যে বিধিনিষেধ জারি থাকায় মেট্রোয় শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই যাতায়াত করতে পারছেন।

জরুরিকালীন বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাঁদের পরিচয়পত্র ও মেট্রোর স্মার্ট কার্ড ব্যবহার করে স্টাফ স্পেশাল মেট্রোয় চড়তে পারছেন। তবে মেট্রোর সংখ্যা বাড়লে আরও বেশি সংখ্যক নিত্যযাত্রী এই সুবিধা পাবেন।

সূত্র : খবর অনলাইন

আরও পড়ুন ::

Back to top button