
এজলাস বদল হল নন্দীগ্রাম গণনা কারচুপির বহু-চর্চিত মামলায়। এবার এই মামলার শুনবেন বিচারপতি শম্পা সরকার। বিচারপতি কৌশিক চন্দ নন্দীগ্রাম মামলার দায়িত্বে ছিলেন। কিন্তু তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন কৌশিক চন্দ। এবার তাঁর এজলাস থেকে শম্পা সরকারের এজলাসে সরল নন্দীগ্রাম মামলা।
কৌশিক চন্দ সরে দাঁড়ানোর সময়েই জানিয়েছিলেন কোন এজলাসে মামলাটি উঠবে তা স্থির করবেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। সেই মতো সোমবার এজলাস বদলের কথা জানানো হয়। আদালত সূত্রের খবর, চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে। এখনও দিনক্ষণ জানানো হয়নি। পূর্বতন বিচারপতি কৌশিক চন্দের বিরুদ্ধে শাসকদলের মূল অভিযোগ ছিল, তিনি বিজেপি ঘনিষ্ঠ।
এমনকি বিজেপি নেতার সঙ্গে তাঁর ছবিও প্রকাশ্যে আসে। প্রথম থেকেই বিচারপতির সরে দাঁড়ানোর দাবি তুলেছিল তৃণমূল কংগ্রেস। নিয়ম মেনে ভার্চুয়াল শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন অংশ নেন। কৌশিক চন্দ মামলা থেকে সরে দাঁড়িয়েছেন ঠিকই, তবে সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জরিমানা করেছেন তিনি। তাঁর বক্তব্য, বিচারপতি সর্বদা নিরপেক্ষ থাকেন।
পেশার তাগিদেই তাঁকে বিভিন্ন জায়গায় যেতে হয়। এটা খুবই দুর্ভাগ্যজনক যে তাঁর বিরুদ্ধে এমন পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।এই মামলার বিচার করা তাঁর সাংবিধানিক কর্তব্যের মধ্যে পড়ে বলেও জানিয়েছেন কৌশিক চন্দ। কিন্তু মামলা থেকে সরে দাঁড়ানোই শ্রেয় মনে করেছেন তিনি। তাঁর কথায়, ইতিমধ্যে বহু মানুষ এ ব্যাপারে কথা বলতে শুরু করেছেন।
আমি যদি মামলা না ছাড়ি তাঁরা এই বিতর্ক জিইয়ে রাখবেন। মামলা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। এটা হতে দেওয়া যায় না। তাই আমি মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
সূত্র : দ্য ওয়াল



