মুর্শিদাবাদ

মর্মান্তিক! তিন মাসের শিশুপুত্রকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন মা

মর্মান্তিক! তিন মাসের শিশুপুত্রকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন মা - West Bengal News 24

নিজের তিন মাস বয়সি পুত্রসন্তানকে খুন করে আত্মঘাতী হলেন মা। মৃত মা তানিয়া বিবি (২০) এবং শিশুটির নাম রাইহান খন্দকার বলে জানা গেছে। সোমবার সকালে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকল থানার ধূলাউড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে জলঙ্গি থানার নটিয়াল গ্রামের বাসিন্দা তানিয়ার সঙ্গে ডোমকলের বাসিন্দা পেশায় শ্রমিক সোহেল শেখের বিয়ে হয়। এরপর সন্তান জন্মের পরেই কিছুটা অস্বাভাবিক আচরণ করতে থাকেন তানিয়া। এদিন সকালে ঘরে যখন কেউ ছিল না তখন আচমকাই শিশুটিকে শ্বাসরোধ করে খুন করে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আত্মঘাতী হন তিনি।

পড়শিরা যখন বিষয়টি জানতে পারেন তখন প্রাথমিকভাবে তাঁদের সন্দেহ হয় সোহেলই স্ত্রী ও পুত্রকে খুন করেছে। স্থানীয় ডোমকল থানার পুলিশ আসে। এরপর ঘটনাস্থলে আসেন মৃতার মা আখতার বিবি। তিনি জানান, জামাই সোহেল বা তাঁর পরিবারের লোকজন কেউই তাঁর মেয়ে এবং নাতিকে খুন করেননি।

সোহেল বলেন, ‘সন্তানের জন্মের পর থেকেই স্ত্রী অস্বাভাবিক আচরণ শুরু করে। সে সবসময় চুপ থাকত। কারও সঙ্গে কথা বলত না। আমি নিজেও স্ত্রীকে তাঁর কথা না বলার কারণ জানতে চেয়েছিলাম। কিন্তু কোনও সঠিক উত্তর পাইনি। এরপর বিষয়টি শ্বশুরবাড়িতে জানালে তাঁরা কয়েক মাস আগে তানিয়াকে তাঁদের বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছিলেন। আজ সকালে যখন ঘরে কেউ ছিল না তখন তানিয়া এই ঘটনা ঘটায়।’

আখতার বিবি বলেন, ‘আমার মেয়ের কিছু মানসিক সমস্যা ছিল। নিজে মরে গেলে ওর ছেলেকে কে দেখবে সেই আশঙ্কা থেকে আজ সকালে ছেলেকে খুন করে নিজেও আত্মঘাতী হয়েছে। জামাই বা তাঁর পরিবারের কোনও দোষ নেই।’ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ময়না তদন্তের জন্য পুলিশ দেহ দুটি পাঠিয়েছে।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য