
ভুয়ো জঙ্গি হানা ‘সাজানো’র অভিযোগ উঠল দুই বিজেপি নেতার বিরুদ্ধে। কাশ্মীরের কূপওয়াড়ার এই ঘটনায় উত্তাল দেশ। ইতিমধ্যেই দুই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকদেরও। কীভাবে এই ভুয়ো হামলার ছক সাজানো হয়েছিল, তা দু’একদিনের মধ্যেই বিস্তারিত জানানো যাবে বলে জানিয়েছেন এক সিনিয়র পুলিশ আধিকারিক। তবে পুলিশ জানিয়েছে, নিজেদের নিরাপত্তা আরও খানিকটা বাড়াতেই এই পরিকল্পনা করেছিলেন তাঁরা।
প্রধান অভিযুক্ত ইসফাক আহমেদ মীর কুপওয়াড়ার আইটি সেলের প্রধান। অপরজন বশরত আহমেদ দলের জেলা মুখপাত্র। নিজেরা পরিকল্পনা করে এই ভুয়ো হামলার ঘটনা সাজান বলে অভিযোগ। ইসফাকের বাবা মহম্মদ শাফি মীর কুপওয়ারায় বিজেপির জেলা সভাপতি। তাঁর ছেলের নামে এমন অভিযোগ ওঠার পরই তাঁকে সাসপেন্ড করেছে বিজেপি।
জানা গেছে, গত ১৬ জুলাই ইসফাক অভিযোগ করেন, কুপওয়াড়ার গুলগামে ত্রাণ বণ্টনে গিয়ে জঙ্গি হামলায় পড়তে হয়েছিল তাঁকে। এমনকী জঙ্গিদের একটি গুলি তাঁর পায়ে লেগেছে বলে দাবি করেন তিনি। কিন্তু এই দাবি উড়িয়ে দিয়েছে পুলিশ। জানিয়েছে, সেদিন কোনও জঙ্গি হামলাই হয়নি ওখানে।
প্রাথমিকভাবে জানা যায়, ইসফাকের নিরাপত্তা আধিকারিকের বন্দুক থেকেই দুর্ঘটনাবশত বেরিয়ে গিয়েছিল গুলি। এরপরই জঙ্গি হামলা সন্দেহে অন্য নিরাপত্তা আধিকারিকরাও গুলি চালান। এরপরই প্রকাশ্যে আসে আসল সত্য। জানা যায়, ইসফাক, বশরত ও তাঁদের নিরাপত্তা আধিকারিকরা মিলেই ওই ভুয়ো হামলা সাজিয়েছেন। অভিযুক্তদের সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
সূত্র: আজকাল



