রাজ্যে কোভ্যাক্সিনের আকালে দিশাহারা মানুষ! ‘দ্বিতীয় ডোজের সময় পেরিয়ে গেলে কী করব?’

রাজ্যে পর্যাপ্ত কোভ্যাক্সিন এসে পৌঁছয়নি। যার জেরে উদ্বিগ্ন শহর তথা রাজ্যবাসী। যে সকল মানুষের দ্বিতীয় ডোজের সময় ঘনিয়ে এসেছে তাদের চিন্তার শেষ নেই। দ্বিতীয় ডোজ না পেয়ে উদ্বিগ্ন সকলেই। কলকাতা পুরসভার অন্যতম প্রশাসক অতীন ঘোষ বৃহস্পতিবার জানান, শুক্রবার থেকে পুর এলাকায় ভ্যাকসিন দেওয়া হবে না। কারণ হিসেবে বলেন পর্যাপ্ত জোগান নেই এই ভ্যাকসিনের।
ফুলবাগানের বরো অফিসে আজ সকালে হাজির হন এক মহিলা। তিনি বলেন, ‘আমার কাছে গতকাল মেসেজ এসেছিল। সে জন্যই আমি আজ সকালে এখানে এসেছিলাম। কিন্তু এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। কবে ভ্যাকসিন পাব তাও কেউ বলতে পারছেন না।’
এদিন এসএসকেএমের দৃশ্যটা ছিল কার্যত অন্যরকম। কোভ্যাক্সিন নেওয়ার লাইনে প্রচুর ভিড়। দ্বিতীয় ডোজের জন্য তিন দিন ধরে ঘুরছেন এক মহিলা। তিনি বলেন, তিন দিন ধরে ঘুরছি। বলছে ৭৫ জনকে দেওয়া হবে। জানিনা কী হবে।’ শান্তনু দাস বলে এক ব্যক্তি জানান, ‘বেসরকারি জায়গায় যদি কোভ্যাক্সিন পাওয়া যায় তাহলে সরকারি জায়গায় কেন পাওয়া যাবে না? আমাকে ২৭ তারিখের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হবে। যদি সময়মতো না পাই তাহলে কী করব? সেটাও তো বলতে পারছেন না।’
প্রসঙ্গত, রাজ্যে কোভ্যাক্সিনের টিকা পাঠায়নি কেন্দ্র। যার জেরে রাজ্যের স্টক প্রায় শেষ। দ্বিতীয় ডোজ না পাওয়ায় স্বাভাবিকভাবেই তাদের মাথায় চিন্তার ভাঁজ।
সূত্র: আজকাল



