ঘনাচ্ছে নিম্নচাপ, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গ সহ কলকাতা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

একটি নিম্নচাপ গেলেও দক্ষিণবঙ্গের আবহাওয়া এখনও মেঘাচ্ছন। রোদের হাল্কা উঁকি দেখা গেলেও মেঘের চাদর রয়েছে সর্বত্র। আপাতত দিন তিনেক বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। তবে বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চারে বৃষ্টি হতে পারে দু-এক পশলা। কিন্তু সেটা সাময়িকের জন্য। তবে আগামী সপ্তাহের বুধবার থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়।
আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ সংলগ্ন এলাকায় অর্থাত্ বঙ্গোপসাগরের উত্তর দিকে একটি নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, যা বুধবারের মধ্যে পরিণত হয়ে যাবে। আর এই কারণেই আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানা গিয়েছে। আগামী তিনদিন মেঘলা আকাশ থাকবে, তবে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে সর্বত্র।
মঙ্গলবার থেকে হাল্কা বৃষ্টি শুরু হবে। যা বুধবারে নিম্নচাপ তৈরি হলেই বাড়তে থাকবে। আলিপুর হাওয়া অফিস সতর্ক করেছে, বিশেষ করে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর ও উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী এমনকি ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাত হবে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। তবে উপকূলে প্রবল বৃষ্টিতে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারেও বলে জানা গিয়েছে।
শুক্রবার থেকে কিছুটা কমবে বৃষ্টি। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি নামতে পারে যেমন, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেদিন। তবে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার ও বৃহস্পতিবার প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়।
সূত্র : এই মুহুের্তে



