
ফের ঊর্ধ্বমুখী রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ। একই সঙ্গে বাড়ল দৈনিক মৃত্যুসংখ্যাও। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০৬ জন। এই সময় মৃত্যু হয়েছে ৯ জনের। তারমধ্যে ৩ জনই হুগলির। অন্যদিকে টানা তিন দিন জেলাভিত্তিক দৈনিক সংক্রমণের শীর্ষে ফের দার্জিলিং।
শুক্রবারের তুলনায় রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ কমেছিল শনিবার। কিন্তু ছুটির দিন রবিবার ফের ঊর্ধ্বমুখী গ্রাফ। রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৮০৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ২৩ হাজার ৬৩৯। নমুনা পরীক্ষার শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ১৯ শতাংশে।
দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ল দৈনিক মৃত্যুও। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে নতুন করে ঢলে পড়েছেন ৯ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৭৩ জন। মারণ ভাইরাসকে হারিয়ে নতুন করে সুস্থ হয়েছেন ৮৯২ জন।
মোট সুস্থ হলেন ১৪ লক্ষ ৯৩ হাজার ৭৭০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ০৪ শতাংশে। একদিনে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৯৫। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৯৬।
অন্যদিকে টানা তিন দিন সর্বোচ্চ সংক্রমণের নিরিখে শীর্ষে দার্জিলিং। শেষ ২৪ ঘণ্টায় ওই জেলায় নতুন করে ৮৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দৈনিক সংক্রমণে কলকাতা, উত্তর ২৪ পরগনাকে টপকে গিয়েছে পাহাড়ের জেলাটি। এদিন মৃত্যু হয়েছে একজনের। উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। ১ জনের মৃত্যু হয়েছে এদিন। কলকাতায় ৫৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে এক জনের। এদিনই সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়েছে হুগলিতে, ২ জনের মৃত্যু হয়েছে নদিয়ায়।
সূত্র: এই মুহুর্তে



