জাতীয়

পেগাসাস কান্ড! অমিত শাহের বাড়ির সামনে কংগ্রেসের বিক্ষোভ, ধুন্ধুমার দিল্লিতে

Amit Shah : পেগাসাস কান্ড! অমিত শাহের বাড়ির সামনে কংগ্রেসের বিক্ষোভ, ধুন্ধুমার দিল্লিতে - West Bengal News 24

উত্তাল দেশ। উত্তাল সংসদ। কারণটা অবশ্যই ফোনে আড়ি পাতা কাণ্ড। সেই ক্ষোভের আঁচ এবার পৌঁছে গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে। পেগাসাস ইস্যুতে শাহের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস নেতা-কর্মীরা। মঙ্গলবার সকালে এই আন্দোলনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

এদিন দিল্লির কৃষ্ণ মেনন মার্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। তাঁদের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মীদের। কয়েকজন কংগ্রেস নেতা-কর্মীকে আটকও করা হয়েছিল।

এদিকে পেগাসাস ইস্যুতে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে তৃণমূলও। এদিন সংসদের দুই কক্ষেই ঝড় তোলেন তৃণমূল সাংসদরা। যার জেরে দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন।

দিল্লিতে আন্দোলনের ঝাঁজ বাড়িয়েছে কংগ্রেসও। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বাদল অধিবেশন চলাকালীনই বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

সোমবার বিতর্কিত কৃষি আইনের নজিরবিহীন প্রতিবাদ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ট্রাক্টর চালিয়ে সংসদে যান তিনি। এরপর এদিন ফের অমিত শাহের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের নেতা-কর্মীরা।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য