রাজনীতিরাজ্য

বন্যা নিয়ন্ত্রণে ১০ বছরে কী করেছেন মুখ্যমন্ত্রী?নিশানা দিলীপের

বন্যা নিয়ন্ত্রণে ১০ বছরে কী করেছেন মুখ্যমন্ত্রী?নিশানা দিলীপের - West Bengal News 24

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী সোমবার ঘাটালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে এদিনই সেখানে বন্যা পরিদর্শনে চলে গেলেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে করে হিজলি স্টেশনে এসে নামেন। সেখান থেকে ঘাটাল যাওয়ার আগেই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানেন। তাঁর দাবি, বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় উদাসীনতা নয় রাজ্য সরকারের উদাসীনতাই দায়ী।

গত ১০ বছরে বন্যা নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপই করেনি তাঁর সরকার। শুধু তাই নয়, কেন্দ্র টাকা দিলেও, সেই টাকা বন্যা সামাল দেওয়ার কাজে লাগানো হয়নি বলে দাবি করেন দিলীপ। এদিন দিলীপবাবু বন্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছেন, ‘বন্যার সময় তৃণমূলনেত্রী শুধু জলে দাঁড়িয়ে ছবি তুলতে আসেন। নিজে না পারলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যাসে পরিণত হয়েছে।

গত ১০ বছর ধরে মুখ্যমন্ত্রী তিনি। বন্যা নিয়ন্ত্রণে কী করেছেন? কলকাতাকেই বাঁচাতে পারছেন না, ঘাটাল, খানাকুল তো দূরের কথা। তিন বছর আগে উত্তরবঙ্গে বন্যা হয়েছিল। দুই দিনাজপুর, মালদহ বন্যায় ভেসেছিল। উনি মালদহ গিয়ে ছবি তুলে চলে গেলেন। দিনাজপুর গেলেন না। আমি কিন্তু নৌকো ঘুরিয়ে গিয়েছিলাম। এ বারেও ছবি তুলে চলে গিয়েছেন। পরের বছর ফের বন্যা হবে। উনি ফের ছবি তুলতে আসবেন।’

এদিন সাংবাদিকেরা দিলীপ ঘোষকে পাল্টা জিজ্ঞাসা করেন যে এই বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্র সরকারই বা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না কেন? এর উত্তরে দিলীপবাবু বলেন, ‘বিভিন্ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র। সব ওঁর ভাইদের পেটে চলে গিয়েছে। কপালেশ্বরী নদীর জন্য ২২৫ কোটি টাকা দিল্লি থেকে নিয়ে এসেছিলেন প্রাক্তন সেচমন্ত্রী মানসবাবু।

সেই টাকা কোথায় গেল? নদীটিই আজকাল খুঁজে পাওয়া যায় না। জল বেরনোর রাস্তা নেই। ডিভিসিকে খামোকা দোষারোপ করা হচ্ছে। রাজ্যের সঙ্গে কথা বলে তবেই জল ছাড়ে ডিভিসি। এখন সামলাতে পারছে না বলে ডিভিসি-কে দোষ দেওয়া হচ্ছে।’ এই প্রসঙ্গে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব এর মন্তব্যকেও আক্রমণ করেন দিলীপ।

তিনি বলেন, ‘ওঁর দিদি তো গত ১০ বছর ধরে মুখ্যমন্ত্রী। উনি নিজেও সাত বছরের সাংসদ। এত দিনে কী করলেন? ওঁরা ভেবেছেন, এ ভাবেই চলে যাবে। মানুষ কি জলে ভাসবেন বলে ভোট দিয়েছিলেন? এখন বলছেন, দিদি প্রধানমন্ত্রী হলে সুরাহা হবে। সাত মণ তেল হবে, আর রাধা নাচবে। তত দিন যদি কেউ বেঁচে থাকেন, দেখা যাবে।’

সুত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য