ভারতের প্রথম মহিলা বিমান চালক সরলা ঠকরালের জন্মদিনে বিশেষ Doodle বানাল Google

আজকের (৮ আগস্ট) গুগল ডুডলটা চোখে পড়েছে কি? ভারতের প্রথম মহিলা যিনি কোনও এয়ারক্রাফট উড়িয়েছিলেন, সেই সরলা ঠাকুরালের সম্মানে ডুডল বানানো হয়েছে আজ। আজ সরলার জন্মদিন, এটা তাঁর ১০৭তম জন্মবার্ষিকী। আজকের ডুডলটি বানিয়েছেন খ্যাতনামা চিত্রশিল্পী বৃন্দা জাভেরি।
ব্রিটিশ শাসিত ভারতের দিল্লিতে ১৯১৪ সালে জন্মেছিলেন সরলা। পরে বর্তমানে পাকিস্তানের অন্তর্গত লাহোরে চলে যান। সরলার স্বামী ছিলেন একজন এয়ারমেল পাইলট এবং স্বামীর পরিবারের অনেকেই বিমান চালাতেন। তাঁদের দেখে উদ্বুদ্ধ হয়ে উড়ানের নেশা সরলাকে পেয়ে বসে।

মাত্র ২১ বছর বয়সে শাড়ি পরিহিতা সরলা তাঁর প্রথম একাকী উড়ান দিতে ককপিটে উঠে বসেন। সেটা ছিল দুই ডানার একটা ছোট প্লেন। সেই উড়ান ইতিহাস হয়ে যায়। আকাশে আর শুধু ছেলেদেরই আধিপত্য রইল না।
তবে একবারে মন ভরবে এমন পাত্রী ছিলেন না সরলা ঠাকুরাল। লাহোর ফ্লাইং ক্লাবের ছাত্রী হিসেবে ১০০০ ঘণ্টা উড়ান সম্পূর্ণ করেন এবং প্রথম ভারতীয় মহিলা হিসেবে ‘এ’ লাইসেন্স অর্জন করেন। এর পরে কমার্সিয়াল প্লেন চালানোর পরিকল্পনা নেন তিনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার তা হয়ে ওঠেনি। দিল্লিতে ফিরে আসেন সরলা এবং ছবি আঁকা এবং গয়নার অলঙ্করণে নিজেকে নিয়োজিত করেন।
সুত্র : আজকাল



