Corona-র তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি রাজ্যে, কোভিড পরিকাঠামো বুঝতে নোবেলজয়ীর তত্ত্বাবধানে নতুন প্রকল্প রাজ্যে

মারণ ভাইরাস কোভিডের বিরুদ্ধে লড়াই করছে গোটা বিশ্ব। প্রথম ধাক্কার পর বিশ্বের বহু দেশেই আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়ে পড়ে ভারতবর্ষ। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের অনেক দেশেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। ভারতে এখনও কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়েনি। তবে ভারতেও কোভিডের তৃতীয় ঢেউ আসন্ন।
ভারতে কোভিডের তৃতীয় ঢেউ প্রভাব ফেলার আগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে একাধিক রাজ্য। মারণ ভাইরাস করোনার হাত থেকে বাঁচতে আগাম প্রস্তুতি নিয়ে রাখছে পশ্চিমবঙ্গ। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে নতুন প্রকল্প। রাজ্যে নয়া এই প্রকল্প চালু হয়ে যাবে আগামী ২ সপ্তাহের মধ্যে।
নয়া এই প্রকল্প চালু করার জন্য যাবতীয় রূপরেখা তৈরি হয়ে গিয়েছে বলেই জানাচ্ছে নিবন্ধের একটি সূত্র। ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান মঞ্চেই ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সের প্রধান ডাক্তার অভিজিত্ চৌধুরী, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে আলোচনা হয় নয়া প্রকল্পের বিষয়ে।
নয়া প্রকল্প অর্থাত্ রাজ্যে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে করোনা আক্রান্তদের চিকিত্সার জন্য আলাদা কোনও পরিকাঠামো তৈরি করার প্রয়োজন রয়েছে কিনা, তা খতিয়ে দেখবে উচ্চপর্যায়ের এক কমিটি। এই বিষয়ে আরও বেশি করে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের দায়িত্ব দেওয়া হবে।
আশা কর্মীরা, অঙ্গনওয়াড়ি কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে বোঝাবেন অক্সিমিটারের ব্যবহার, কোভিডের নানা উপসর্গ ও সাধারণ জ্বরের মধ্যে কী পার্থক্য তা মানুষকে বোঝানো হবে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতি ভাল, স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো যথেষ্ট উন্নত। কোভিড আক্রান্ত হলেই চিকিত্সা করান।’
সুত্র : আজকাল



