একুশে জুলাইয়ের পর এবার মোদী-যোগী রাজ্যে ‘খেলা হবে দিবস’-ও উদযাপন করতে চলেছে মমতার দল
তৃতীয়বার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রথমবার ভিনরাজ্যে একুশে জুলাই পালন করেছিল তৃণমূল। আর এরপর এবার এরাজ্যের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে ‘খেলা হবে দিবস’ উদযাপন করতে চলেছে তৃণমূল। আর এই জন্য তৈরি করা হয়েছে একটি ট্রফিও।
বাংলায় ভোটের আগে ‘খেলা হবে’ স্লোগান দিয়েছিল তৃণমূল। আর ক্ষমতায় এসে প্রতি বছর ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালনের ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে খেলা হবে দিবস ১৬ অগাস্ট পালিত হবে বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু এর গণ্ডি শুধু রাজ্যে সীমাবদ্ধ নেই। ত্রিপুরা, গুজরাটেও উদযাপিত হবে ‘খেলা হবে দিবস’।
রাজ্যের খেলায় জয়ী হয়েছেন মমতা। তবে খেলা এখনও বাকি। বলা ভাল সবে শুরু হয়েছে। ২০২৪-এর লক্ষ্যে বিরোধী জোটকে কাজে লাগাতে চাইছেন মমতা। সেই সঙ্গে জাতীয় রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে তৃণমূল।
মমতা বলেছিলেন, ‘৫ মে যার রেজাল্ট আপনারা দেখতে পেয়েছেন। খেলা আবার হবে। যত দিন বিজেপিকে ভারত থেকে বিতাড়িত না করতে পারি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে।’ আর এই খেলার আগে রাজ্যে রাজ্যে ‘খেলা হবে দিবস’ পালন করতে চলেছে তৃণমূল।
সূত্র : আজকাল




