
আফগানিস্তানের রাজধানী কাবুলের সম্পূর্ণ দখল নিয়েছে তালিবান। ঠিক তার পর থেকেই আর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি কলকাতা লাগোয়া নাগেরবাজারের বাসিন্দা সুব্রত দত্ত। পেশায় মোটিভেশনাল স্পিকার সুব্রতর স্ত্রী এই মুহূর্তে রয়েছেন কাবুলে। তাঁর সঙ্গে কোনও রকম যোগাযোগ করতে পারছেন না সুব্রত।
কর্মসূত্রে আফগানিস্তানে যাতায়াত দীর্ঘদিন ধরেই। কাবুলনিবাসী ওই আফগান তরুণীর সঙ্গে প্রথমে ঘনিষ্ঠতা বাড়ে। পাঁচবছর আগে তাঁকেই বিয়ে করেন। বিয়ের পর এই প্রথমবার জুন মাসে বাপের বাড়ি যান স্ত্রী। কয়েক মাস সেখানেই থাকার কথা। নিয়মিত যোগাযোগ হত স্ত্রীর সঙ্গে। কিন্তু রবিবার কাবুল তালিবানের দখলে চলে যাওয়ার পর থেকে আর কোনও যোগাযোগ করতে পারেননি।
সুব্রত দত্ত জানান, কাবুলে যাওয়ার পর নতুন করে সেখানকার কোনও মোবাইল নম্বর নেন তাঁর স্ত্রী। হোয়াটসঅ্যাপেই মেসেজ এবং কল করে কথা হত তাদের। সোমবার থেকে আর কোনও রিপ্লাই না পেয়ে ভীষণ চিন্তায় নাগেরবাজারের বাসিন্দা স্বামী। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ কলও লাগছে না। সেদেশের প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করার কোনও উপায় খুঁজে পাচ্ছেন না। বর্তমানে উদ্বিগ্নতার সঙ্গে দিন কাটছে তাঁর।
সূত্র : এই মুহুর্তে



