বড় খবর : কয়লা পাচারকাণ্ডে রাজ্যের গোয়েন্দা প্রধান জ্ঞানবন্ত সিংহকে জিজ্ঞাসাবাদ ইডি-র

কয়লা পাচার কান্ডে শুক্রবার রাজ্যের গোয়েন্দা প্রধান জ্ঞানবন্ত সিংকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জ্ঞানবন্ত সিং বর্তমানে সিআইডি’র এডিজি আইনশৃঙ্খলা পদে কর্মরত। একুশের নির্বাচনের সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রধান হিসেবেও কাজ করেছেন।
তদন্তের যোগসূত্র খুঁজে পেতেই জ্ঞানবন্ত সিংকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।সূত্রের খবর, জ্ঞানবন্ত সিং রাজ্যের আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকায় তদন্তকারীরা জানতে চান যে পশ্চিমবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় কয়লা চোরাচালান সম্পর্কে তিনি অবগত ছিলেন কিনা।
আরও পড়ুন : সিপিএম-এর ৩৪ বছরে একটাও CBI-ED কেস হয়নি, কংগ্রেসের মেইন লোকের গায়েও হাত দেয়নি: মমতা
তিনি যদি বিষয়টি সম্পর্কে অবগত থেকে থাকেন তাহলে কয়লা পাচারকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছিলেন তাও জানতে চাওয়া হয়ছে। ইডির সন্দেহ, ২০১৯-২০২১ সাল পর্যন্ত এই দুই বছরে যে ১,৩০০ কোটি টাকার কয়লা দুর্নীতি হয়েছে সেখানে পুলিশ অফিসার ও রাজনীতিবিদদের মদত ছিল। ইডি আরও দাবি, রাজ্যের বেশ কিছু পুলিশ আধিকারিক বিশেষ করে বাঁকুড়া থানার কয়েক জন পুলিশ গাড়ি করে নগদ টাকা স্থানান্তরণে যুক্ত ছিলেন।কয়লা পাচার কান্ডে এর আগেও সাত জন আইপিএস অফিসারকে তলব করেছিল ইডি।
সেখানেও জ্ঞানবন্ত সিংয়ের নাম ছিল। তারও আগে জ্ঞানবন্ত সিংকে তলব করেছিল সিবিআই। মে মাসে নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। কয়লা পাচার কান্ডের সিবিআই তদন্তে একাধিক পুলিশ অফিসারের নাম উঠে এসেছিল। কয়লাকাণ্ডের মূল চক্রী অনুপ মাজি ওরফে লালারকে জিজ্ঞাসাবাদ করেই জ্ঞানবন্ত সিংয়ের সূত্র মেলে বলে খবর। ইডি’র জেরায় ঠিক কী তথ্য উঠে এসেছে তা এখনও জানা যায়নি।
সূত্রঃ প্রথম কলকাতা



