বৃষ্টিতে কুকুরের মাথায় নিজের ছাতা ধরেছেন তাজ হোটেলের কর্মী, দেখে মুগ্ধ রতন টাটা

মানুষের সঙ্গে অবলা জীবদেরও পৃথিবীতে সমান অধিকার আছে। সম্প্রতি এক ছবিতে সেই অধিকারকেই আর একবার উস্কে দিল। যে দেশে অবলা রাস্তার কুকুর-বিড়ালের মতো নিরীহ প্রাণীদের প্রতি অত্যাচারের খবর বারবার সংবাদ শিরোনামে উঠে আসে, সেই দেশেই বৃষ্টির (Rain) মধ্যে এক রাস্তার কুকুরের (Dog) সঙ্গে নিজের ছাতা (Umbrella) ভাগ করে নেওয়ার মতো হৃদয়স্পর্শী ছবি তোলপাড় করে তোলে নেট দুনিয়ায়। বর্ষার মরশুমে প্রায়ই থমকে যায় জনজীবন।
হটাত্ হটাত্ বৃষ্টিতে ছাতার বা কোনও আশ্রয়ের খোঁজ করে মানুষেরা। সেই একই কারণে নিজের মাথা বাঁচাতে ব্যস্ত থাকে রাস্তায় থাকা অবলা কুকুর-বিড়ালের মতো প্রাণীরা। কিন্তু সবসময় সেই খোঁজ না মেলায় অঝোর বৃষ্টিতে কুকুর-বিড়ালকে ভিজতে থাকার দৃশ্যও চোখে পড়ে পথ চলতিদের। কিন্তু তাদের সাহায্যের জন্য এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা হাতেগোনা। তেমনই বিপরীত চিত্র সোশ্যাল মিডিয়ার দেওয়ালে কাঁপন ধরিয়েছে।
আরও পড়ুন : দিল্লির আদালতকক্ষে গ্যাংস্টার-যুদ্ধ, গুলি চলল এলোপাথাড়ি, কে এই কুখ্যাত গ্যাংস্টার?
বিখ্যাত তাজ হোটেলের সামনের এক ছবিতে চোখ আটকে গেছে নেটিজেনদের। ছবিতে দেখা যাচ্ছে, হোটেলেরই এক কর্মচারী বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন। সেই ছাতার তলায় আশ্রয় নিয়ে নিজের মাথা বাঁচাচ্ছে এক পথ কুকুর। কুকুরটির সঙ্গে নিজের ছাতা ভাগ করে নেওয়ার এই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি এই ছবিটি উঠে এসেছে টাটা গ্ৰুপের কর্ণধার রতন টাটার ইনস্টাগ্রামের দেওয়ালে।
সেই ছবিটি শেয়ার করে রতন টাটা লেখেন, ‘এই বর্ষায় একটি অবলা জীবের সঙ্গে নিজের ছাতা ভাগ করার দৃশ্য। এই তাজ কর্মচারীটি রাস্তায় থাকা অসংখ্য অবলা জীবের মধ্যে একজনের সঙ্গে তাঁর ছাতা ভাগ করে নেওয়া নিঃসন্দেহে তাঁর দয়ালু মনের প্রতিচ্ছবি। ব্যস্ত মুম্বই শহরের মধ্যে একটি হৃদয়স্পর্শী ছবি উঠে এসেছে।’
রতন টাটার এই পোস্ট মুহূর্তে তাঁর ফলোয়ারদের মন জয় করে নেয়। একের পর এক কমেন্টের বন্যা বয়ে গেছে। সবার কাছেই ওই কর্মচারীটি প্রশংসা কুড়িয়েছেন তাঁর এই ব্যবহারে। মিলিয়ন মানুষের পছন্দের তালিকায় উঠে এসেছেন তিনি।
সূত্রঃ দ্য ওয়াল



