এবার আইসিসির মসনদে সৌরভ গাঙ্গুলি। ক্রিকেটের সর্বাধিক নিয়ামক সংস্থা আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এতদিন এই কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন অনিল কুম্বলে। প্রাক্তন ক্রিকেটার হিসেবে ছিলেন রাহুল দ্রাবিড় এবং মাহেলা জয়বর্ধনে। এই কমিটির পর্যবেক্ষক ছিলেন সৌরভ। কিন্তু এবার সরাসরি কুম্বলের পরিবর্তে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান করা হল বিসিসিআই সভাপতিকে। মঙ্গলবার আইসিসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ন’বছর ধরে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন অনিল কুম্বলে। ২০১২ সালে ক্লাইভ লয়েডের থেকে দায়িত্ব নিয়েছিলেন কুম্বলে। ২০১৯ সালে তিন বছরের জন্য আবার তাঁকে পুনঃনির্বাচিত করা হয়েছিল। চলতি বছরই কুম্বলের মেয়াদ শেষ হল। এবার তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন সৌরভ।
আরও পড়ুন : রাশিয়ার পর কাতার বিশ্বকাপও অনিশ্চিত ইতালির
একটি বিবৃতিতে আইসিসি চেয়ারম্যান ক্রেগ বার্কলে বলেন, ‘আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে সৌরভ গাঙ্গুলিকে স্বাগত। বিশ্বের একজন অন্যতম সেরা ক্রিকেটার এবং পরবর্তীকালে দক্ষ প্রশাসক হিসেবে সৌরভের অভিজ্ঞতা ভবিষ্যতে ক্রিকেট সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। পাশাপাশি দীর্ঘ ন’বছর ধরে আইসিসিকে ক্রিকেটের উন্নতিতে সাহায্য করার জন্য অনিল কুম্বলকে ধন্যবাদ জানাব।’
আইসিসির এই নতুন দায়িত্ব পাওয়ার পর কি স্বার্থের সংঘাত হবে? ভবিষ্যৎই এই প্রশ্নের উত্তর দেবে। তবে বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পাশাপাশি আইসিসির এই নতুন পদ পাওয়ার পর নিঃসন্দেহে সৌরভের দায়িত্ব আরও বাড়বে।
সুত্র : আজকাল




