
লক্ষ্মীপুজোর বাজার করতে গিয়ে চোখে রীতিমত সর্ষের ফুল দেখার মতো অবস্থা সাধারণ মানুষের। গৃহকর্তারা পকেট ভরে টাকা নিয়ে এসেছেন বাজার করতে। কিন্ত ব্যাগে সামান্য কিছু কিনে বাড়ি ফিরতে হচ্ছে। কারণ, সব্জি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া।
এই পরিস্থিতিতে অগ্নিমূল্য বাজারের হাল-হকিকত জানতে এবার মাঠে নামলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অর্থমন্ত্রীর সবজি কেনার ভিডিও ও ছবি।
জানা গিয়েছে, একদিনের সফরে চেন্নাই গিয়েছিলেন নির্মলা সীতারমন। সেখানে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে রাস্তার ধারে এক সবজি বিক্রেতার কাছ থেকে সবজি কেনেন তিনি। চেন্নাইয়ের মায়লাপোল এলাকার একটি বাজার ঘুরে সব্জি কেনেন তিনি।
আরও পড়ুন :: লক্ষ্মীপুজোতেও ঝেঁপে বৃষ্টি! পূর্বাভাস হাওয়া অফিসের
অর্থমন্ত্রীর দফতরের তরফেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ও ছবি শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘চেন্নাইতে একদিনের সফরে গিয়ে মাইলাপুরের বাজারে নির্মলা সীতারমন। বিক্রেতাদের সঙ্গে কথা বলেন ও সবজি কেনেন সীতারমন।’
বাজারে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সবজি কেনার ভিডিও নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। ভিডিও দেখে নেটিজিনদের একাংশের মনে প্রশ্ন জেগেছে, বাজারে গিয়ে কী সবজি কিনলেন নির্মলা সীতারমন? জানা গিয়েছে, মিষ্টি আলু ও করলা কিনেছিলেন অর্থমন্ত্রী।



