রাজ্য

আবারও বাংলায় করোনার সংক্রমণ! মগরাহাটে ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আবারও বাংলায় করোনার সংক্রমণ! মগরাহাটে ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি - West Bengal News 24

করোনা ফের থাবা বসাল পশ্চিমবঙ্গের বুকে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২নম্বর ব্লকে এক কিশোর ও এক তরুণীর শরীরে ধরা পড়েছে কোভিড সংক্রমণ। এই ঘটনার পর এলাকা জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। জেলা প্রশাসন বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। যদিও স্বাস্থ্য দপ্তরের মতে, “আতঙ্কের কিছু নেই।”

২০১৯ সালের শেষ দিকে যে করোনা ভাইরাস গোটা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করেছিল, তার হাত ধরে পরিচিত হয়ে উঠেছিল ‘মাস্ক’, ‘স্যানিটাইজার’, ‘সামাজিক দূরত্ব’, ‘কোয়ারেন্টাইন’—এই সমস্ত শব্দ। প্রাণঘাতী ভাইরাসের ভয়াবহ রূপে তখন মৃত্যু হয়েছিল লক্ষ লক্ষ মানুষের। সেই কঠিন সময় কাটিয়ে দেশজুড়ে ধীরে ধীরে ফিরেছিল স্বাভাবিক জীবন। তবে মাঝেমধ্যেই নতুন ভ্যারিয়্যান্টের কারণে আবারও মাথাচাড়া দিচ্ছে কোভিড। ইতিমধ্যেই কর্নাটক, তামিলনাড়ু, গুজরাট, দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং সিকিমে আক্রান্তের হদিশ মিলেছে। এবার সংক্রমণ ধরা পড়ল বাংলার মগরাহাটে।

ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সূত্র অনুযায়ী, ‘জেলার বিভিন্ন ব্লকে নিয়মিত নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়’। সেই প্রক্রিয়ায় এক সপ্তাহ আগে সংগ্রহ করা নমুনা পরীক্ষার রিপোর্টে ওই দুই বাসিন্দার কোভিড পজিটিভ ধরা পড়ে।

স্বাস্থ্যজেলার এক আধিকারিক জানিয়েছেন, “এনিয়ে এখনও আতঙ্কের তেমন কিছু নেই। ওই দু’জন বর্তমানে তাঁদের বাড়িতেই রয়েছেন, সুস্থই রয়েছেন। তবে ডায়মন্ড হারবার জেলা স্বাস্থ্যদপ্তর সতর্ক রয়েছে। কোভিড আক্রান্ত এই দু’জনের স্বাস্থ্য নিয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। ব্লক স্বাস্থ্যদপ্তরকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে।”

আরও পড়ুন ::

Back to top button